ঢাকাঃ ঢাকা ট্রাভেল মার্টের ২১তম আসরের শেষ দিন শনিবারেও (১১ এপ্রিল)পর্যটনপ্রেমী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে মুখর ও প্রাণবন্ত। দর্শনার্থীদের চাপের কারণে মেলায় হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলার আজ শেষ দিন।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে চলছে এই আন্তর্জাতিক পর্যটন মেলা। ২১তম এই আয়োজনটি করেছে শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা ‘দি বাংলাদেশ মনিটর’। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রা।
পার্টনার হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, শীর্ষস্থানীয় জিডিএস প্রতিষ্ঠান স্যাবর এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাই-টিকিটস।
বলরুমের ভেতরে পুরো কক্ষজুড়ে সাজানো হয়েছে আকর্ষণীয় সব স্টল ও প্যাভিলিয়ন। পর্যটনপ্রেমীদের কোলাহলে মুখর পুরো এলাকা। তারা বিভিন্ন স্টল ঘুরে অফারগুলো দেখছেন এবং পছন্দ অনুযায়ী বুকিংও দিচ্ছেন। সব মিলিয়ে মেলা প্রাঙ্গণ শেষ দিনে আরও বেশি জমজমাট।
ইউএস-বাংলা এয়ারলাইন্স , বাংলাদেশ বিমান ও এয়ার অ্যাস্ট্রাসহ বিভিন্ন উড়োজাহাজ সংস্থা তাদের নির্ধারিত রুটে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। মেলা উপলক্ষ্যে হোটেল ও রিসোর্টগুলো নানা আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে।
মেলায় দর্শনার্থীদের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এছাড়া প্রবেশ টিকিটের ওপর র্যাফেল ড্রর মাধ্যমে দর্শনার্থীদের জন্য রয়েছে দেশি-বিদেশি গন্তব্যের উড়োজাহাজ টিকিট, হোটেল ও রিসোর্টে বিনামূল্যে আবাসন এবং তারকা হোটেলের লাঞ্চ ও ডিনার কুপনসহ আকর্ষণীয় পুরস্কার।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম ও চীনের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান ও চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
-B