ঢাকাঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে। পাশাপাশি পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাতযাপন নিষিদ্ধসহ বেশকিছু পদক্ষেপ নেয়া হবে।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে সোমবার (৭ অক্টোবর) তিনি এ কথা বলেন। সেখানে সেন্ট মার্টিনের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও আলোচনা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সেন্ট মার্টিন, কক্সবাজার ও কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘এ প্রবাল দ্বীপ আমাদের দেশে একটিই আছে। তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের নির্দেশিকাগুলো মানতে হবে। এছাড়া পর্যটন মৌসুম শুরুর আগেই হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সেন্টমার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই। দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই।’
-B