ঢাকা : ঈদের টানা ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ।
ঈদযাত্রার মতো ফিরতিযাত্রায়ও ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে বাস ও লঞ্চ টার্মিনালগুলোয়। তবে কর্মস্থলে ফিরতে চরম দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঝুঁকিপূর্ণ ও সরু ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, যানবাহনের সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। তবু বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই গন্তব্যে ছুটছেন কর্মজীবীরা।
বাস টার্মিনালে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীদের উপচেপড়া ভিড়। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দিয়েও দ্রুত গন্তব্যে পৌঁছতে যাত্রীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা। এ সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কিছু পরিবহনের বিরুদ্ধে।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মুলাদী উপজেলার কাজিরচর এলাকার আলমগীর হোসেন। তিনি বলেন, ‘বাস সংকট থাকায় বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে টিকিট নিতে হয়েছে। এক লেনের সড়কে যানজট থাকলেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই ফিরতে হচ্ছে।’
একই চিত্র তুলে ধরে পরিবহন চালক সবুজ মোল্লা বলেন, ‘সরু সড়কে গাড়ি চালানোই ঝুঁকিপূর্ণ। যানবাহনের চাপ বেড়েছে, কিন্তু সড়ক সে অনুপাতে উন্নত হয়নি। দ্রুত চার লেনে উন্নীত না করলে দুর্ঘটনা আরো বাড়বে।’
সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন ধরেই দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়তে থাকে। কিন্তু সড়কের সক্ষমতা সীমিত থাকায় যানজট দীর্ঘায়িত হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত টাকা নেয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়েও বাস ছাড়ছে না।
এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দুপুর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা দৌলতদিয়া হয়ে আসতে থাকে পাটুরিয়া ঘাটে। বিকাল নাগাদ যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল পাটুরিয়া ঘাট। অতিরিক্ত যাত্রীর কারণে ঢাকাগামী যানবাহনের সংকটও দেখা দেয়। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে তিন-চার গুণ বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
তারা জানান, পাটুরিয়াঘাট থেকে সাভার ও নবীনগরের ভাড়া ১৫০ টাকা হলেও নেয়া হচ্ছে ৪০০ টাকা। গাবতলীর ভাড়া ২০০ টাকার স্থলে নেয়া হচ্ছে ৫০০ টাকা। অতিরিক্ত ভাড়া অদায়ে প্রশাসনের কোনো নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
অতিরিক্ত যাত্রীর চাপে ঘাট এলাকায় যানবাহন সংকট দেখা দেয়। বহু যাত্রীকে যানবাহন না পেয়ে রাস্তার ধারে কিংবা টার্মিনালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রাকে করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী জানান, অতিরিক্ত যাত্রীর চাপে পরিবহনস্বল্পতা দেখা দেয়ায় কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া নেয়ার চেষ্টা করছে। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে কয়েকজন চালককে জরিমানাও করা হয়েছে।
-B