বাজেটে ভ্রমণ খরচ বাড়ছে

মনিটর রিপোর্ট  Date: 07 June, 2024
বাজেটে ভ্রমণ খরচ বাড়ছে

ঢাকাঃ প্রস্তাবিত বাজেটে ভ্রমণে খরচ বাড়ছে। কারণ এতে অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবার ক্ষেত্রে কর বাড়ানো ও ট্যুর অপারেটর সেবার ওপর বিদ্যমান মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহারের প্রস্তাব দেয়া হয়েছে। এর ফলে ভ্রমণপিপাসুদের ভ্রমণ খরচ বাড়ছে। 

এ প্রস্তাব পাস হলে দেশের যেকোনো অ্যামিউজমেন্ট পার্কে বেড়াতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। কোনো ট্যুর অপারেটরের সেবা নিয়ে দেশ কিংবা বিদেশে কোনো প্যাকেজ ট্যুর করতে গেলেও বাড়ছে খরচ।

বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী, অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন। এ ছাড়া ট্যুর অপারেটর সেবার ওপর বিদ্যমান মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহার প্রস্তাব করা হয়।

এ দিকে বাজেটে এমন প্রস্তাবে পর্যটন খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা। তাদের ভাষ্য, বাংলাদেশে বিদেশী পর্যটক আসা এমনিতেই কমছে তার মধ্যে এই কর আরোপ পর্যটকদের বাংলাদেশ আসা নিরুৎসাহিত করবে। 

ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক পরিচালক সৈয়দ মাহবুবুল ইসলাম (বুলু) বলেন, ‘আমরা পর্যটকদের জন্য হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন কোম্পানিগুলোর সেবা কিনি। এসব প্রতিষ্ঠান নিজেরা আলাদাভাবে ভ্যাট দিচ্ছে। এখন আমাদেরও যদি ভ্যাট দিতে হয়, তা হলে কেমনে সামাল দেবো?’

ভ্যাটের কারণে বিদেশী পর্যটক আরো কমবে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে থাকা-খাওয়ার খরচ অনেক বেশি। এবার ভ্যাটের কারণে এই খরচ আরো বাড়বে, যা পর্যটকদের এ দেশে ভ্রমণে নিরুৎসাহিত করবে।’

গত বছর সাড়ে ৬ লাখ বিদেশী পর্যটক বাংলাদেশে আসেন। ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় যা অনেক কম।

-B

Share this post



Also on Bangladesh Monitor