সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধনের সাথে লাগবে ট্রাভেল পাস

-মনিটর রিপোর্ট Date: 21 November, 2024
সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধনের সাথে লাগবে ট্রাভেল পাস

ঢাকাঃ প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে যেতে নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে পর্যটকদের। আর এসব দেখভালের পাশাপাশি পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৯ নভেম্বর)মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই কমিটি গঠন করা হয়।

কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কমিটির আহ্বায়ক করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালককে করা হয়েছে সদস্য সচিব। 

এছাড়া সদস্য হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কক্সবাজার প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কক্সবাজারের প্রতিনিধি, বাংলাদেশ কোস্টগার্ডের কক্সবাজার প্রতিনিধি ও ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার প্রতিনিধি। তবে কাজের সুবিধার্থে প্রয়োজনে সদস্য বাড়াতে পারবে কমিটি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিঠিতে কমিটির কর্মপরিধি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠার আগে পর্যটকদের জাহাজ ছাড়ার জায়গা; অর্থাৎ এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নিতে হবে ট্রাভেল পাস। কেবল পাসধারী পর্যটকদেরই অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে কমিটি। পর্যটক ও অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছার পর কোন হোটেলে থাকবে, তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্টারে সংরক্ষণ হবে। জাহাজ ছাড়ার স্থান ও সেন্ট মার্টিনে প্রবেশের স্থানে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন করতে হবে। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় সার্বিক বিষয় ও যোগাযোগ সমন্বয় করবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor