টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

জাফর আলম Date: 12 December, 2024
টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজারঃ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার এলাকা জুড়ে আরাকান আর্মির প্রভাব বিস্তার ঘটেছে বলে জানা গেছে। 

এই পরিস্থিতিতে বাংলাদেশ সতর্ক অবস্থান গ্রহণ করেছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। 

নাফ নদে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি বুধবার (১১ ডিসেম্বর) নিশ্চিত করেছেন। এদিকে, নাফ নদে অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্টগার্ড সদস্যরা টহল জোরদার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিজিবির অনুরোধে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাফ নদ ও সাগরে বাংলাদেশি জেলে এবং সব নৌযান চলাচলে সতর্কতা জারি করাসহ সেদেশের সীমানার কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাফ নদে নৌযান নিয়ে না নামতে সীমান্ত এলাকায় মাইকিংও করা হয়েছে।

তিনি আরও জানান, সেইসঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের ট্রলার চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত এই পথ দিয়ে কাউকে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিনমুখী পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, বুধবার সকালে ইউএনও কার্যালয় থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ ও নাফ নদের বাংলাদেশ অংশে নৌ চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি সেন্টমার্টিন ও টেকনাফ থেকে কোনো ট্রলার ছাড়া যাবে না বলে জানানো হয়েছে। এ নৌপথে ২৭টি সার্ভিস ট্রলার ও ৪৭টি স্পিডবোট রয়েছে।

মিয়ানমার থেকে পণ্যবাহী কোনো ট্রলার ও জাহাজ টেকনাফ স্থলবন্দরে আসেনি এবং মালপত্র খালাস করা ট্রলার ও জাহাজ মিয়ানমারে ফেরত যায়নি বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। 

-B

Share this post



Also on Bangladesh Monitor