আঙ্কারা: আকাশপথে পরিষেবায় নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তুরস্ক। পূর্বাভাস অনুযায়ী, দেশটির আকাশপথে চলতি বছর ২৩ কোটি ৮ লাখ যাত্রী ভ্রমণ করতে পারে। আগে লক্ষ্যমাত্রা ছিল ২২ কোটি ২২ লাখ যাত্রী। সম্প্রতি এক বিবৃতিতে পূর্বাভাসের সংশোধনের তথ্য জানিয়েছে তুরস্কের স্টেট এয়ারপোর্টস অথোরিটি ডাইরেক্টোরেট (ডিএইচএমআই)।
ডিএইচএমআই বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে দেশটিতে সরাসরি ট্রানজিটসহ উড়োজাহাজ যাত্রী ছিলেন ২১ কোটি ৪২ লাখ। চলতি বছর লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি নির্ধারণ হয়েছে। অর্থাৎ ২০২৪ সালে আকাশপথে যাত্রীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি ৮ লাখ। ২০২৫ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা ২৩ কোটি ৯৫ লাখে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
গত কয়েক বছরে দেশটিতে আকাশপথে বিদেশী যাত্রীর তুলনায় অভ্যন্তরীণ যাত্রী বেড়েছে। চলতি বছরও সে ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে অভ্যন্তরীণ যাত্রীর সংখ্যা বাড়বে ১০ কোটি ১৭ লাখ। আগের বছর এ সংখ্যা ছিল ৯ কোটি ১০ লাখ। এক্ষেত্রে বছরওয়ারি যাত্রী বৃদ্ধির হার ১১ দশমিক ৮ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। আগামী বছর নাগাদ এ সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৬২ লাখে।
অন্যদিকে গত বছরের তুলনায় চলতি বছর আন্তর্জাতিক যাত্রী বাড়তে পারে প্রায় ৪ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ গত বছরের ১২ কোটি ২৯ লাখের তুলনায় এ বছরের সম্ভাব্য যাত্রীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ৮৬ লাখ। আর ২০২৫ সালে এ সংখ্যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ কোটি ২৮ লাখ।
যাত্রী বাড়ার পাশাপাশি তুরস্কের আকাশপথে এ সময় বাড়তে পারে ফ্লাইট চলাচল। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে দেশটিতে উড়োজাহাজ চলাচলের সংখ্যা ছিল ২১ লাখ। চলতি বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ লাখ। ২০২৫ সালের পূর্বাভাসে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ লাখ ফ্লাইট।
ডিএইচএমআইয়ের তথ্যমতে, ২০২৪ সালে তুরস্কের অভ্যন্তরীণ ফ্লাইটের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৯ লাখ ৪৭ হাজার ৮০০টি। অন্যদিকে আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ১০০টি ফ্লাইট। গত বছর ওভারপাস ফ্লাইটের সংখ্যা ছিল ৪ লাখ ৮৫ হাজার ২০০টি, চলতি বছরে ৫ লাখ ২৪ হাজার ৬০০টি ফ্লাইটের পূর্বাভাস দেয়া হয়েছে। পরবর্তী বছরের জন্য এ লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৯০০টি।
২০২৩ সালে তুরস্কের বিমানবন্দরে ৪২ কোটি টন কার্গো এসেছিল। চলতি বছর ৪১ টন কার্গো খালাসের পূর্বাভাস দেয়া হয়েছে, যা ২০২৫ সাল নাগাদ ৪২ লাখ টনে উন্নীত হতে পারে।
-B