কলকাতা: ভারতের কলকাতা বিমানবন্দরে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ওই সময় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজকে ধাক্কা দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্ডিগোর ধারভাঙ্গাগামী উড়োজাহাজটি রানওয়েতে প্রবেশের সময় অপেক্ষারত ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজকে ধাক্কা মারে। এতে ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজের ডানা ভেঙে মাটিতে পড়ে যায়। অপরদিকে ইন্ডিগোর উড়োজাহাজের ডানার উপরের অংশ ভেঙে যায়।
বার্তাসংস্থা জানিয়েছে, এ ঘটনার পর ভারতের বেসরকারি উড়োজাহাজ চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) ইন্ডিগো এ৩২০ ভিটি-আইএসএস মডেলের উড়োজাহাজটির দুই পাইলটকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করে এবং বিশদ তদন্তের নির্দেশ দেয়। ইন্ডিগোর উড়োজাহাজটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন। যার মধ্যে শিশু ছিল চারজন।
এই সংঘর্ষের কারণে কলকাতা এবং ধারভাঙ্গায় চলাচল করা ইন্ডিগো ৬ই ৬১৫২ ফ্লাইটটি বিলম্ব হয়। এ সময় যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয় এবং অন্য আরেকটি উড়োজাহাজে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
-B