বিমান’র ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে বাংলাদেশ পাইলট এসোসিয়েশন (বাপা) নেতাদের বৈঠক ফলপ্রসু হওয়ায় পাইলটরা তাদের আলটিমেটাম স্থগিত করেছেন।
বৈঠকে বিমান এমডি আগামী শনিবারের মধ্যে ওভারসিস এলাউন্স নিয়ে যে বেতন বৈষম্য চলছে সেটি নিরসন করবেন। ফলে,সোমবার বিমানের দুবাই, দোহা ও মাসকট ফ্লাইট নিয়ে যে সমস্যা হয়েছিল সেটিরও অবসান হয়েছে।
বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, “ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের আশ্বাসে তারা কাজে ফিরেছেন এবং স্থগিত করেছেন ৭৫ ঘণ্টার বেশি কাজ না করার আলটিমেটাম।”
বাপা সূত্রে জানাগেছে, বর্তমানে বিমানের পাইলট সংখ্যা ১৫৭ জন। মাসে যদি একজন পাইলট সর্বোচ্চ ৭৫ ঘণ্টা ডিউটি (ফ্লাই) করে তাহলে এই সংখ্যা পরের মাসে অর্ধেক হয়ে যাবে। এতে বিমানের অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ হয়ে যাবে।
এর আগে গত সোমবার বাপা সভাপতি মাহবুবুর রহমান বলেছিলেন, মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল; দেড় বছর বাদে অন্যদের আবার আগের মতো বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি।