সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে সম্প্রতি সংশয় প্রকাশ করেছে ইউএস এয়ারলাইনস। কারণ বোয়িং থেকে অতিরিক্ত জেট সরবরাহ দেরি হতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বোয়িংয়ের নিরাপত্তা ইস্যু এয়ারলাইন খাতের পরিস্থিতিকে আরো খারাপ পর্যায়ে নিয়ে গেছে। ফলে এয়ারলাইন খাত চলতি বছর সরবরাহের প্রত্যাশা কমিয়েছে। এটি রেকর্ডসংখ্যক ভ্রমণকারীর চাহিদা মেটাতে জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি কঠোর নিয়ন্ত্রক তদন্তের মধ্যে রয়েছে বোয়িং। গত জানুয়ারিতে মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইনসের বোয়িং ফ্লাইটের প্যানেল খুলে পড়ে যায়। ওই ঘটনার পর বোয়িংয়ের উৎপাদন প্রক্রিয়ায় নিরাপত্তা ও মান নিয়ে তদন্ত শুরু হয়।
ইউনাইটেড এয়ারলাইনসের সিইও স্কট কিরবি বলেন, ‘চলতি বছর বোয়িংয়ের ডেলিভারিতে অনেক পিছিয়ে থাকবে। পাশাপাশি বোয়িংয়ের ম্যাক্স ১০ মডেলটি কবে সার্টিফিকেট পাবে, তা এখনই বলা কঠিন।’
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা আলাস্কা এয়ারলাইনসের ঘটনার তদন্তে ৬ ও ৭ আগস্ট গণশুনানির আয়োজন করবে। এনটিএসবির চেয়ারম্যান জেনিফার হোমেন্ডি জানিয়েছেন, গণশুনানিতে বোয়িং, স্পিরিট অ্যারোসিস্টেমস ও আলাস্কা এয়ারলাইনসের কর্মীরা সাক্ষ্য দেবে।
এদিকে আলাস্কা এয়ারলাইনস নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, এ ঘটনায় জড়িত বোয়িংয়ের ম্যাক্স ৯ উড়োজাহাজটি আগের তিনটি ফ্লাইটের সময় ফ্লাইটের ভেতর উচ্চ চাপে সতর্কতা বাতি জ্বলে ওঠার কারণে ৫ জানুয়ারি রক্ষণাবেক্ষণের সময় নির্ধারণ হয়েছিল।
আলাস্কা এয়ারলাইনসের ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বোয়িংয়ের ৭৩৭ উড়োজাহাজের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বন্ধ করে দিয়েছে। এরই সঙ্গে উড়োজাহাজের ডিজাইন পরিবর্তনের কারণে বোয়িংয়ের ম্যাক্স ৭ ও ১০ মডেলের সার্টিফিকেশন পেতেও দেরি হচ্ছে।
চলতি বছরের শুরুতে ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছিল, তারা বোয়িংয়ের সবচেয়ে বড় মডেল ম্যাক্স ১০ বাদ দিয়ে একটি উড়োজাহাজের বহর তৈরির প্ল্যান করছে। অন্যদিকে সাউথওয়েস্ট এয়ারলাইনস যারা বোয়িংয়ের ম্যাক্স ৭ মডেলের অন্যতম বড় গ্রাহক। সম্প্রতি তারা আগের চেয়ে চলতি বছর বোয়িংয়ের কাছ থেকে ৪২ শতাংশ কম উড়োজাহাজ সরবরাহের প্রত্যাশা করছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো সরবরাহ পূর্বাভাস কমিয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনস।
বোয়িং সাউথওয়েস্টকে ২০২৪ সালে ৪৬টি জেট সরবরাহের আশ্বাস দিয়েছে, যার সবগুলোই হবে ম্যাক্স ৮ মডেলের। এটি আগের ৭৯টি জেটের সরবরাহের পূর্বাভাসের চেয়ে কম।
সাউথওয়েস্ট এয়ারলাইনসে সিইও বব জর্ডান জানান, সর্বশেষ পূর্বাভাস আবারো পরিবর্তন হলে তিনি অবাক হবেন না। এয়ারলাইনসটি ২০২৪ সালের দ্বিতীয়ার্ধের জন্য সক্ষমতা কমানোসহ আবার সময়সূচি তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
-B