২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদ যাচ্ছে ইউএস-বাংলা

- মনিটর রিপোর্ট  Date: 05 March, 2025
২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদ যাচ্ছে ইউএস-বাংলা

ঢাকাঃ ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ২১ এপ্রিল থেকে এই রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল করবে। সপ্তাহে পাঁচ দিন- রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার ফ্লাইটটি পরিচালিত হবে।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট সপ্তাহে ৫ দিন দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৫টা ১০ মিনিটে রিয়াদে পৌঁছাবে।

অন্যদিকে, রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে পরদিন ভোর ৪টায় ঢাকায় অবতরণ করবে।

নতুন এই রুটটি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে সংস্থাটি সৌদি আরবের জেদ্দাসহ মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, মাস্কাট, আবুধাবি, শারজাহ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

ভবিষ্যতে সৌদি আরবের দাম্মাম এবং লন্ডন ও রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে এবং ২০২৭ সালের মধ্যে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor