নভেম্বরে ঢাকা-মালে ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 18 September, 2021
নভেম্বরে ঢাকা-মালে ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা

ঢাকা: দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে  প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমানসংস্থাটি।

ভ্রমণ পিপাসু বাংলাদেশী পর্যটকদের ভ্রমণকে সাবলীল সাশ্রয়ী করতে বাংলাদেশী একমাত্র এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা মালে রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।  

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নতুন গন্তব্য বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার লক্ষ্যে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে। মালদ্বীপের নয়নাভিরাম সৌন্দর্য্য উপভোগ করার জন্য বাংলাদেশী পর্যটক ছাড়াও মালদ্বীপের বিভিন্ন অঞ্চলে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশী রয়েছে, ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করছে সে সকল যাত্রীদের কাছে ঢাকা-মালে রুট অনেক বেশী আকর্ষণীয় হয়ে উঠবে। 

বর্তমানে মধ্যপ্রচ্যের অন্যতম গন্তব্য দুবাই, মাস্কাট দোহা, প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনা মহামারিতে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারনে কলকাতা ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে খুব শীঘ্রই কলম্বো, জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। 

আন্তর্জাতিক রুট ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুট বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

আগামী ৩০ সেপ্টেম্বর হতে যশোর থেকে চট্টগ্রাম কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা। 

Share this post



Also on Bangladesh Monitor