জুলহাসের স্বপ্ন পূরণ করতে চায় ইউএস-বাংলা 

- মনিটর রিপোর্ট  Date: 08 March, 2025
জুলহাসের স্বপ্ন পূরণ করতে চায় ইউএস-বাংলা 

ঢাকাঃ মানিকগঞ্জের শিবালয়ে ৪বছরের চেষ্টায় নিজের তৈরি আরসি উড়োজাহাজ নিয়ে আকাশে উড্ডয়ন করলেন ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা। 

মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলার জাফরগঞ্জের যমুনার চরে নিজ হাতে তৈরি আরসি উড়োজাহাজ সফলভাবে উড্ডয়ন করে আকাশে উড়েন তিনি।

এবার তার গবেষণা ও উন্নয়নের কাজে সহযোগিতার হাত বাড়াতে এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। জুলহাসকে উড়োজাহাজ তৈরির ব্যয়সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি এ এয়ারলাইন্সটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জুলহাসের গবেষণাকে এগিয়ে নিতে তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সব আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। তার গবেষণা বা প্রশিক্ষণের জন্য যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও তাকে পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএস-বাংলা।

এদিকে এদিন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরা কার্যালয়ে যান জুলহাস মোল্লা। এ সময় তিনি ইউএস-বাংলার প্রস্তাব শোনেন। ইউএস-বাংলার সঙ্গে কীভাবে এক হয়ে কাজ করতে পারেন সে বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

এর আগে জুলহাসের সাফল্যের বিষয়ে তার ছোট ভাই নয়ন মোল্লা বলেন, প্রথমদিকে পরিবারের অনেকে তাকে পাগল ভাবলেও এখন সবাই তার সাফল্যে গর্বিত। ভাইয়ের সঙ্গে থেকে আমি প্রতিদিন ৫-৬ ঘণ্টা কাজ করেছি। আমরা কখনো দমে যাইনি।

তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জুলহাস আমাদের গর্ব। তার প্রতিভাকে কাজে লাগাতে সরকারি সহায়তা প্রয়োজন।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমি নিজে এসে জুলহাসের উড়োজাহাজ দেখেছি। জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। তাকে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।
-B

Share this post



Also on Bangladesh Monitor