ঢাকা: আগামী ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকায় প্রচুর জনসমাগম এবং যানজটের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে বিমানবন্দর পৌঁছানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-এ ব্যাপক জনসমাগম দেখা দিতে পারে, যা তীব্র যানজটের সৃষ্টি করতে পারে।
সেই কারণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সব যাত্রীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ইউএস-বাংলা
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-তে ব্যাপক জনসমাগম হতে পারে। এতে ওই সব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে এবং ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি কমাতে নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে, যা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে চাপ সৃষ্টি করতে পারে।
-B