বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের শক্তিশালী ১১৬ পাসপোর্টের তালিকায় ১০৮তম অবস্থানে জায়গা পেয়েছে।
তালিকায় ১১৩তম স্থানে আছে পাকিস্তান আর ভারতের অবস্থান ৯০তম স্থানে।
মঙ্গলবার বিশ্ব পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ এ তথ্য প্রকাশিত হয়। কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়— এর ওপর ভিত্তি করে এ সূচকটিতে উঠে এসেছে বাংলাদেশের অবস্থান।
প্রকাশিত সূচকে বলা হয়, ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ২২৭টি দেশের ভেতর কেবল ৪০টি দেশ ভ্রমণ করা সম্ভব। এরমধ্যে আফ্রিকার ১৫টি দেশ, ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত) ৫টি দেশ, এশিয়া মহাদেশের ৬টি দেশ এবং দক্ষিণ আমেরিকার একটি দেশে যাওয়া যায়।
তবে ইউরোপের কোনো দেশেই আগে থেকে ভিসা না করে যেতে পারবে না বাংলাদেশি পাসপোর্টধারীরা।
অন্যদিকে, দক্ষিণ এশিয়ার ভেতর সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। ৬৬তম শক্তিশালী অবস্থানে থাকা দেশটি ভিসা ছাড়াই ৮৭টি দেশ ভ্রমণের সুবিধা পায়। এরপর রয়েছে যথাক্রমে প্রতিবেশী দেশ ভারত ৯০ তম, ভুটান ৯৬ তম, শ্রীলংকা ১০৭তম অবস্থানে রয়েছে। এছাড়া নেপাল ও পাকিস্তানও ১১০ ও ১১৩ তম স্থানে অবস্থান করছে।