ঢাকাঃ ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে ইয়ার্ন, ফেব্রিক ও ডেনিমের চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫-এর শীতকালীন সংস্করণ এবং সপ্তম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫ অনুষ্ঠিত হবে। প্রদর্শনী দুটি যৌথভাবে আয়োজন করছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)
রাজধানীর একটি হোটেলে সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীগুলো সম্পর্কে বিস্তারিত জানান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সেমস-গ্লোবালের সিইও এসএস সারওয়ার। এছাড়া চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন সিসিপিআইটি টেক্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও ডিরেক্টর চেন বো। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।
আয়োজকরা জানান, সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত প্রদর্শনীগুলো বিশ্বের তিনটি মহাদেশজুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ; যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলংকায় অনুষ্ঠিত হয়।
চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১৫ থেকে ১৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এবারের প্রদর্শনীতে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও বেশি দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করছে। প্রদর্শনী চলাকালে একই সঙ্গে অনুষ্ঠিত হবে তিনটি আন্তর্জাতিক সেমিনার।
-B