বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী বলেছেন, যারা বিমানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। বিমানের সব কর্মকর্তা-কর্মচারীর মনে রাখতে হবে, যাত্রীসেবার মান ও নিরাপদ ভ্রমণের সঙ্গে বিমানের ভাবমূর্তি যেমন জরুরি তেমনি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এর সঙ্গে দেশের ভাবমূর্তিও জড়িত।
গতকাল শনিবার সন্ধ্যায় বিমানের প্রধান কার্যালয় বলাকার সবুজ চত্বরে আলোচনা সভা এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিান এসব কথা বলেন।
তিনি বলেন, দেশপ্রেমিক বাঙালির চিরন্তন অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দেশের এভিয়েশন শিল্পের বিকাশে বিমান পথপ্রদর্শক। প্রতিষ্ঠার পর থেকে ৪৯ বছরে বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে পথ পরিক্রম করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে, বিমান বহরে যুক্ত হয়েছে ১৫টি সর্বাধুনিক সম্পূর্ণ নতুন উড়োজাহাজ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট বৃদ্ধির মাধ্যমে বিমানের অপারেশনের পরিধি ও ব্যাপ্তি ধীরে ধীরে বাড়ছে। সেবার মান বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বিমানকে যাত্রীদের আস্থা ও ভালোবাসার ব্র্যান্ডে পরিণত করার কাজ চলছে।
মাহবুব আলী আরও বলেন, ‘সারা বিশ্বে কভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এভিয়েশন ও পর্যটন শিল্প। বিশ্বের সব এয়ারলাইনস একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিমানও এর বাইরে নয়। সেই সময় দেশে দেশে বিভিন্ন এয়ারলাইনস তাদের কর্মী ছাঁটাই করেছে কিন্তু বিমানের একজন কর্মীকেও চাকরি হারাতে হয়নি। অপারেশনাল ব্যয় হ্রাস এবং বিমানের সব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিমানের আয় বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমানে কভিড-১৯ এর সংক্রমণ কমে আসায় আকাশপথে চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এই সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। এখন সময় এসেছে কাজের মাধ্যমে বিমানের সব কর্মকর্তা-কর্মচারীর প্রধানমন্ত্রীর মানবিকতার ও প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের।’
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।