সাগর সৈকত কুয়াকাটায় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব নিয়ে উপকূলবাসীসহ বিভিন্ন এলাকার মানুষের মাঝে সাজ সাজ রব পড়েছে। ইতিমধ্যে পর্যটক, পূণ্যার্থী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।
১৭ নভেম্বর পূর্ণিমার পূর্ণ তিথিতে সকালে সাগর ঢেউয়ে পুর্ণস্নানের জন্য লক্ষাধিক নারী-পুরুষ বিভিন্ন ধরনের প্রসাদ নিয়ে মানত ও মনোবাসনা পূণের জন্য সারিবদ্ধ হয়ে বসবে। সাগর ঢেউয়ে স্নান শেষে পূণ্যার্থীরা বাড়ি ফেরে।
ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে|
ধর্মীয় আচার-আনুষ্ঠানের মধ্যেই এই উৎসব চলবে তিনদিন। দর্শনার্থী, পুণ্যার্থী এবং ভক্তদের নিরাপত্তায় কুয়াকাটায় কয়েক স্তরের নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। থাকছে মেডিকেল টিম।
কুয়াকাটা পৌর সভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মন্দির ও সাগর সৈকত এলাকায় ভাসমান টয়লেট, পরিধেয় বস্ত্র পরিবর্তন সেড ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, কুয়াকাটায় রাস পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ পর্যটকদের উপচে পড়া ভিড় হবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্দিরসহ জন-সমাগমস্থলে সতর্ক অবস্থানে রয়েছে। রয়েছে গোয়েন্দা নজরদারি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।