নীল সাগরের দেশে উড়ল ইউএস-বাংলা

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 19 November, 2021
নীল সাগরের দেশে উড়ল ইউএস-বাংলা

দেশের প্রধান বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা  নীল সাগরের দেশ মালদ্বীপের রাজধানী মালেতে আজ থেকে (১৯ নভেম্বর) সরাসরি ফ্লাইট শুরু করেছে। সকাল ১০-৪৫ মিনিটে ১২৯ জন  যাত্রী নিয়ে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি আকাশে ওড়ে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।

এর আগে ফিতা কেটে সকালে বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে মালদ্বীপের উদ্দেশে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মালদ্বীপে সরাসরি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলা আকাশ পথে নতুন দিগন্তের উন্মোচন করেছে। দুই দেশের পর্যটন শিল্পের প্রসারে এই ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা প্রকাশ করে তিনি  বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স আর থেমে থাকেনি। অভ্যন্তরীণের রুটের পাশাপাশি তারা নতুন নতুন আন্তর্জাতিক গন্তব্যে উড়ছে।  সংস্থাটি তাদের সক্ষমতার মাধ্যমে দেশের এভিয়েশন মার্কেটের একটি বড় অংশ (যাত্রী) বহন করে দেশীয়  এয়ারলাইন্স শিল্পের প্রবৃদ্ধি ঘটাবে বলে আশা প্রকাশ করেন।

বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে মালদ্বীপে বাংলাদেশি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দুই দেশের বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, বাংলাদেশে অবস্থিত মালদ্বীপ হাই কমিশনের হাই কমিশনার শিরুজিমাথ সামির, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।

এ সময় মালদ্বীপের  হাই কমিশনার শিরুজিমাথ সামির বলেন, ইউএস-বাংলা দ্বিতীয় এয়ারলাইন্স হিসেবে মালেতে সরাসরি ফ্লাইট শুরু করল। করোনার প্রকোপের মধ্যেও এটি তাদের অত্যন্ত ভালো উদ্যোগ। মালদ্বীপ খুবই চমৎকার একটি রাষ্ট্র। আমি চাই ইউএস-বাংলা সাশ্রয়ী প্যাকেজ দিয়ে বাংলাদেশিদের মালদ্বীপ যাওয়ার সুযোগ করে দেবে।

ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে মালদ্বীপে যাতায়াত করা ৯০ ভাগ যাত্রীই শ্রমিক। বাকি ১০ ভাগ ব্যবসায়ী। আমার শ্রমিক ভাইয়েরা এতোদিন ৬৫ হাজার টাকা দিয়ে মালদ্বীপের ওয়ানওয়ে টিকেট কাটতেন। ইউএস-বাংলা এয়ারলাইন্স এখন তাদের সর্বনিম্ন ২৫ হাজার টাকায় ওয়ানওয়ে টিকেট দেবে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়।

উল্লেখ্য যে, মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট চালুর মধ্য দিয়ে দেশের ইতিহাসে বেসরকারি কোনো এয়ারলাইন্স এই প্রথম দশম আন্তর্জাতিক গন্তব্য স্পর্শ করলো।

ইউএস-বাংলা প্রাথমিকভাবে সপ্তাহে মঙ্গল, শুক্র ও রবিবার এই ৩ দিন ঢাকা মালে রুটে ফ্লাইট পরিচালনা করবে।

বাংলাদেশি যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে ইউএসবাংলা প্রতি মঙ্গলবার ঢাকা থেকে সকাল ১১টা ১০ মিনিট মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ৩৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিট মালের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ১৫মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এছাড়া প্রতি রবিবার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট মালের উদ্দেশে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। সংস্থাটি জানায়, এই রুটে সব কর ও সারচার্জসহ ওয়ানওয়ে টিকেটের সর্বনিম্ন মূল্য ২৯ হাজার ৫০৮ টাকা ও রিটার্ন টিকেটসহ মূল্য ধরা হয়েছে ৪৫ হাজার ৫৪৫ টাকা। ভ্রমণ পিপাসু বাংলাদেশি পর্যটক ও মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে মালদ্বীপে বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দু’দেশের বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করবে। এছাড়া দু’দেশের পর্যটন শিল্পকে আরও বেশি গতিশীল করে তুলবে। বর্তমানে ইউএসবাংলা এয়ারলাইন্স দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই, গুয়াংজু, ব্যাংকক এবং কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাটি ভবিষ্যতে কলম্বো, জেদ্দা, রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

Share this post



Also on Bangladesh Monitor