যে কোনো টিকিটে মার্কিনিদের লেবানন ছাড়ার নির্দেশ

মনিটর অনলাইন Date: 04 August, 2024
যে কোনো টিকিটে মার্কিনিদের লেবানন ছাড়ার নির্দেশ

বৈরুত: লেবাননের রাজধানী বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে বসবাসকারী মার্কিন নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, যে টিকিট পাওয়া যাবে সেটা দিয়েই যেন তারা লেবানন ত্যাগ করেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার আশঙ্কার মধ্যে অনুরূপ নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য ও জর্ডান। 

তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে ইরান। হানিয়ার মৃত্যুর ঘণ্টাখানেক আগে হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

ধারণা করা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ব্যাপারে বড় ভূমিকা রাখবে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলোকে প্রতিহত করেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৈরুতে মার্কিন দূতাবাস (৩ আগস্ট) বলেছে, যারা লেবাননে থাকতে চান তাদের উচিত নিরাপত্তাকে জোর দিয়ে পরিকল্পনা করা এবং বেশ দীর্ঘ সময়ের জন্য কোনো স্থানে আশ্রয় নেয়ার জন্য প্রস্তুত থাকা। আরো বলা হয়েছে, লেবানন থেকে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত এবং বাতিল হয়েছে। অনেকগুলোর টিকিট বিক্রি হয়ে গেছে। তবে লেবানন ছেড়ে যাবে এমন বাণিজ্যিক পরিবহনগুলো এখনো বিকল্প হিসেবে রয়েছে।

এ অবস্থায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যে সংকট আরো বাড়তে পারে। মধ্যপ্রাচ্য ছাড়তে সহায়তা করার জন্য অতিরিক্ত সামরিক কর্মী, কনস্যুলার স্টাফ এবং সীমান্ত বাহিনীর কর্মকর্তাদের পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। সে সঙ্গে, যেকোনো বাণিজ্যিক ফ্লাইটে লেবানন ছেড়ে যাওয়ার জন্য যুক্তরাজ্যের নাগরিকদের আহ্বান জানিয়েছেন ল্যামি।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার নাগরিকদের একই পরামর্শ দিয়েছে। লেবাননে অবস্থানকারীদের অবিলম্বে দেশ ছাড়তে এবং অন্যদের সেখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে মন্ত্রণালয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor