স্থগিত ফ্লাইটের বিষয়ে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জরুরী নির্দেশনা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

- মনিটর রিপোর্ট Date: 04 March, 2026
স্থগিত ফ্লাইটের বিষয়ে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জরুরী নির্দেশনা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকাঃ মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে উল্লিখিত ছয়টি রুট ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য—জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট—এ বিমানের ফ্লাইট যথারীতি পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সাময়িকভাবে স্থগিত রুটসমূহে যেসব যাত্রী ভ্রমণের জন্য টিকেট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকেট রিফান্ড নিতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তনের সুযোগ পাবেন। দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে এ সেবা গ্রহণ করা যাবে।

ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সংস্থাটির সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো নতুন তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

V

Share this post



Also on Bangladesh Monitor