ঢাকাঃ ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর প্রথম কার্যদিবস মঙ্গলবার (৬ আগস্ট) চাঙা হয়ে ওঠে পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৮৩ শতাংশ প্রতিষ্ঠান। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ২০০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭০০ কোটি টাকার বেশি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হলে পুঁজিবাজারে মন্দা অবস্থা দেখা দেয়। তার আগেও নানা ইস্যুতে পুঁজিবাজারে মন্দা চলছিল। প্রায় ৪ মাস ধরে পুঁজিবাজার পতনের মধ্যে রয়েছে। অর্থাৎ হাসিনা সরকারের শেষ সময়টা মোটেও ভালো যায়নি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশে এক ধরনের অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়।
দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকে একাধিক দিন। এমনকি পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকার কথা ছিল। তবে আন্দোলনের মুখে পড়ে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার পতনের পর মঙ্গলবার দেশের সরকারি-বেসরকারি সব অফিস খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময় সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতেই দাম বাড়ার তালিকায় নাম লেখায় লেনদেন হওয়া প্রায় সবক’টি প্রতিষ্ঠান। এতে শুরুতেই সূচকের বড় উত্থান হয়।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২৫০ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও কমেছে। অবশ্য এরপরও ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে।
লেনদেনের প্রায় সময়জুড়ে দিনের সর্বোচ্চ দামে এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের বিপুল ক্রয় আদেশ আসে। বিপরীতে শূন্য হয়ে পড়ে বিক্রয় আদেশের ঘর। এই ১০৭টি প্রতিষ্ঠানের পাশপাশি আরও শতাধিক প্রতিষ্ঠান দাম বাড়ার ক্ষেত্রে দাপন দেখায়।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে ৮৩ শতাংশ বা ৩২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৬০টি প্রতিষ্ঠানের। আর ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে ওঠে এসেছে।
সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। এর মাধ্যমে ১০ জুলাইয়ের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হল।
এ লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের ৪৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে অগ্নি সিস্টেম।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- টেকনো ড্রাগস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, ইউনিলিভার কনজুমার কেয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সি পার্ল বিচ রিসোর্ট এবং ফারইস্ট নিটিং।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৬৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩ কোটি ৩৩ লাখ টাকা।
-B