অনলাইনে হোটেল খুঁজতে আর গাড়ি বুকিং করতে গিয়ে সাইবার প্রতারণার ফাঁদে যাতে কেউ না পড়েন এ ব্যাপারে আগাম ব্যবস্থা নিচ্ছে দার্জিলিং পুলিশ।
দার্জিলিং পুলিশ জানিয়েছেন, মূলত পর্যটকদের টার্গেট করছে সাইবার প্রতারকরা। দার্জিলিংয়ের হোটেলের নানা ভুয়া বিবরণ ঘুরছে অনলাইনে। সেখানে বুক করে আপনি ফেঁসে যেতে পারেন। এবার ঠিকঠাক অস্তিত্ব আছে এমন হোটেলের বিবরণ সম্পর্কিত একটা তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে দার্জিলিং পুলিশ। সেই তালিকা সংশ্লিষ্ট হোটেলের ফোন নম্বরও থাকবে।
যে কেউ সেখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। সেখানে একটি লিংক ও কিউআর কোড দেওয়া থাকছে। সেই লিঙ্কে গিয়ে বা কিউ আর কোড স্ক্যান করলেই সেই হোটেল ও হোমস্টের তালিকা আপনি পেতে পারেন। এই লিঙ্কের মাধ্যমে একটি ওয়েবপেজ খুলে যাবে। আর সেই ওয়েবপেজে গেলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের হোটেল বা হোমস্টে। প্রকাশ করেছে দার্জিলিং জেলা পুলিশ।
আরও পড়ুন: চীন ও ভারতীয় পর্যটকদের আগমন ভিসা দেবে মিয়ানমার
‘অনলাইনে দার্জিলিংয়ের সেরা হোটেল’, ‘দার্জিলিংয়ের সস্তার হোটেল’, ‘৫০০০ টাকার মধ্যে দার্জিলিংয়ের হোটেল’, ‘দার্জিলিংয়ের হেরিটেজ হোটেল’- এসব চক্করে আর আপনাকে ঘুরতে হবে না। আপনি সরাসরি দার্জিলিং পুলিশের দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে হোটেলের খোঁজ পেয়ে যেতে পারেন।
তাছাড়া সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রচণ্ড ভিড় থাকবে। পাহাড়ে তখন কিন্তু হোটেল ভাড়াও চড়চড় করে বাড়তে থাকে। তাই হোটেল সম্পর্কিত যাবতীয় বিষয় খতিয়ে দেখেই তারপর বুকিং করা দরকার।
-B