ঢাকাঃ সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ফ্লাইট চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৬ ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
এর আগে বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময়ে কোনো বিমান ওঠানামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ থাকবে। এছাড়া দেশের অন্যান্য বিমানবন্দরেও বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে জানানো হয়।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, দেশের চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, এমপি মন্ত্রী যাতে দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতেই বিমানবন্দরে বন্ধ রাখা হয় সব ধরনের উড়োজাহাজ চলাচল। তারা বলেন, এ বিষয়ে বিমানবন্দর কেন্দ্রিক সকল সংস্থার সমম্বয়ে একটি জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় বেবিচক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান বলেন, চলমান পরিস্থিতির কথা চিন্তা করে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
-B