এইচএমপিভির সংক্রমণ এবার ভারত ও মালয়েশিয়ায় 

- মনিটর অনলাইন  Date: 06 January, 2025
এইচএমপিভির সংক্রমণ এবার ভারত ও মালয়েশিয়ায় 

নয়াদিল্লি : চীনের পর ভারত ও মালয়েশিয়াতে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।

ভারতে এইচএমপিভি ভাইরাসে ২ শিশু আক্রান্ত হয়েছে। ভারতের সংবাদমাধ্যম  (৬ জানুয়ারি) সোমবার জানিয়েছে, তিন ও আট মাস বয়সী দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। 

এদিকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবারই জরুরি বৈঠকে বসেছেন। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

অপরদিকে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২০২০ সালের করোনা মহামারির পর নতুন এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে।

সংক্রমণ ছড়িয়ে পড়লে তা আরও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

এইচএমপিভি কী এবং কেন এটি উদ্বেগ সৃষ্টি করছে?

 ২০০১ সালে প্রথম এই ভাইরাস সনাক্ত করা হয়। সিডিসির তথ্যানুসারে, এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নীচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

এইচএমপিভির উপসর্গগুলো কী?

এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে।

এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষপর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়। তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়।

কীভাবে ছড়ায়?

এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। এর মধ্যে রয়েছে-
১. কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ।
২. হাত মেলানো বা স্পর্শ করা।
৩. সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।

-B

Share this post



Also on Bangladesh Monitor