হজ পালনে আরো কড়াকড়ি আরোপ সৌদির

-মনিটর রিপোর্ট Date: 19 April, 2026
হজ পালনে আরো কড়াকড়ি আরোপ সৌদির

ঢাকাঃ চলতি হজ মৌসুম ঘিরে সৌদি আরব কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে কোনো ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

পবিত্র মক্কা নগরীতে প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত কেবল হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র (পারমিট) থাকলেই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এই সময়ের মধ্যে অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে বা সেখানে অবস্থান করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

অবৈধভাবে হজ পালনের চেষ্টার শাস্তি হিসেবে বড় অংকের জরিমানার বিধান রাখা হয়েছে। যথাযথ পারমিট ছাড়া ভিজিট ভিসাধারীরা মক্কা বা পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা করলে তাদের ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এছাড়া যেসব প্রবাসী বা ভিজিট ভিসাধারী হজ পালনের চেষ্টা করবেন, তাদের সৌদি আরব থেকে বহিষ্কার (ডিপোর্ট) করা হবে। পাশাপাশি পরবর্তী ১০ বছর তাদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হবে।

এই কঠোর ব্যবস্থার অংশ হিসেবে ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমাও কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার ছিল ওমরাহ যাত্রীদের জন্য দেশত্যাগের শেষ দিন।

নির্ধারিত সময়ের পর দেশটিতে অবস্থান করাকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান বা কোম্পানি ওমরা যাত্রীদের অতিরিক্ত সময় অবস্থানের বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়, তবে তাদের এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা পারমিট দেওয়া বন্ধ থাকবে। নাগরিক, প্রবাসী এবং জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। মূলত এই সময়ে কেবল হজের অনুমতিপত্র থাকা ব্যক্তিদের জন্যই মক্কায় প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে।

সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় বলছে, বিশ্বের অন্যতম বড় এই জমায়েতে হজযাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই অপারেশনাল প্ল্যান হাতে নেওয়া হয়েছে। 

এ বছর প্রচারণার মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘অনুমতি ছাড়া কোনো হজ নয়’। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। 

Share this post



Also on Bangladesh Monitor