মহাকাশ স্টেশনে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 21 November, 2021
মহাকাশ স্টেশনে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা

এই প্রথম আইএসএস-এ যাবেন কোনো কৃষ্ণাঙ্গ মহিলা মহাকাশচারী। নাম জেসিকা ওয়াটকিন্স। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ঘোষণা করেছে, আগামী বছর এপ্রিল মাসে স্পেসএক্স ক্রু-৪ মিশনের অন্যতম অভিযাত্রী জেসিকা।ক্যালিফর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিক্যাল ও এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে স্নাতক হন জেসিকা। 
নাসার সঙ্গে তার যোগাযোগ দীর্ঘদিনের। এক সময়ে ইনটার্ন হিসেবে যোগ দিয়েছিলেন নাসায়। পরবর্তী কালে নাসার এমস রিসার্চ সেন্টার এবং জেট প্রোপালসন ল্যাবে কাজ করেছেন তিনি। নাসার মঙ্গলযান কিউরিওসিটি-র অভিযানেও যুক্ত হন জেসিকা। বলেন,‘‘জিওলজি পড়তে গিয়েই ভিন্‌ গ্রহের গঠন নিয়ে গবেষণার উৎসাহ জাগে। বিশেষ করে মঙ্গল নিয়ে। ওটা আমার প্যাশন।’’
২০১৭ সালে নাসার পরীক্ষায় মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন জেসিকা। তারপর থেকেই তার প্রশিক্ষণ চলছে। জেসিকার সঙ্গে ওই অভিযাত্রী দলে থাকবেন নাসার জেল লিন্ডগ্রেন ও রবার্ট হাইনস এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির সামান্থা ক্রিস্টোফোরেট্টি। এলন মাস্কের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান তাদের পৌঁছে দেবে স্পেস স্টেশনে। এই নিয়ে পর্যায়ক্রমে চার বার মহাকাশে যাত্রীদের পৌঁছে দেবে যানটি। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে করে স্পেসএক্সের ক্যাপসুলে চেপে রওনা দেবেন চার জন। ছ’মাসের জন্য মহাকাশই হবে তাদের ঠিকানা।
২০২২-এর মহাকাশ যাত্রার অভিযাত্রীদের নাম ঘোষণা হতেই জেসিকাকে অভিনন্দন জানান সহকর্মীরা। নাসার বিজ্ঞানী ক্যাথি লুডার্সও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। মহাকাশচারী জনি কিম বলেন, ‘‘মহাকাশে আরও এক ঝাঁক! জেসিকা ওয়াটকিন্সকে অভিনন্দন। স্পেসএক্স ক্রু-৪ অভিযানে অসাধারণ কিছু করে দেখাবে ও।’’ 
 

Share this post



Also on Bangladesh Monitor