রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২৫,০০০ ফ্রি রাইড দেবে উবার

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 18 November, 2021
রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২৫,০০০ ফ্রি রাইড দেবে উবার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) ৭৫ লক্ষ টাকার সমপরিমাণ ২৫,০০০টি ফ্রি রাইড দেওয়ার ঘোষণা দিয়েছে উবার। এই রাইডগুলো ব্যবহার করে বিডিআরসিএস বৃহত্তর ঢাকার ভেতরে ও আশেপাশের এলাকায় সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং বয়স্কসহ স্বাস্থ্যঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাকেন্দ্রে আনা-নেওয়া করতে পারবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার এ তথ্য জানিয়েছে।    
এতে বলা হয়, একটি অনন্য ও সহজে ব্যবহারযোগ্য প্রোমো কোডের মাধ্যমে টিকাকেন্দ্রে যাওয়া-আসা করার জন্য এই ফ্রি রাইডগুলো ব্যবহার করা যাবে। সর্বোচ্চ ৩০০ টাকা ভাড়া পর্যন্ত এই রাইডগুলো ব্যবহারের সুযোগ রয়েছে। এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত উবারের এই অফার চালু থাকবে।
গত সপ্তাহে বৃহত্তর ঢাকা জুড়ে নাগরিকদের টিকাকেন্দ্রে যাতায়াতের সুবিধার জন্য ১ কোটি টাকার সমপরিমাণ ৫০,০০০টি ফ্রি রাইড দেওয়ার ঘোষণা দিয়েছে উবার। সরকারের টিকাদান কার্যক্রমে সহায়তা করার জন্য এ উদ্যোগ নিয়েছে উবার।
এই উদ্যোগের ব্যাপারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন বলেন, “দেশের টিকাদান কার্যক্রমে সাহায্য করার এই উদ্যোগে উবারের সাথে মিলিতভাবে কাজ করতে পেরে আমরা আনন্দিত।  
উবার দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আরমানুর রহমান বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে সহায়তা করতে পারছি। জনগণকে টিকা দিতে ও সমাজকে নিরাপদ রাখতে তারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের এই সুবিধা দিতে পেরে আমরা রোমাঞ্চিত। এই মহামারি কাটিয়ে ওঠার জন্য ব্যাপকহারে টিকাদানের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সরকারের জীবন বাঁচানোর এই প্রচেষ্টায় সাহায্য করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
উবারের এই ফ্রি রাইডগুলো এই কঠিন সময়ে চালকদের এই প্লাটফর্ম থেকে উপার্জনের পথও তৈরি করে দেবে।
 

Share this post



Also on Bangladesh Monitor