ঢাকাঃ ভিসা বন্ডের অর্থ ব্যাংকগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের দূতাবাস, হাই কমিশন বা কর্তৃপক্ষের কাছে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১১ মে) এক সার্কুলারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়, কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা বন্ড জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলে অনুমোদিত ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে।
তবে জামানতের অর্থ পাঠানোর আগে প্রয়োজনীয় প্রমাণপত্র যাচাই ও সংগ্রহ করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট দূতাবাস বা কর্তৃপক্ষ জামানতের অর্থ ছাড় করলে তা দ্রুত দেশে ফেরত আনতে হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, জামানতের অর্থ ইরআরকিউ হিসাব ও আরএফসিডি হিসাব থেকেও পাঠানো যাবে।
আবেদনকারীদের নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে, যেখানে প্রয়োজনীয় বন্ড বা জামানতের অর্থ ভরা থাকবে।
আবার ভ্রমণ কোটায় প্রয়োজনীয় অর্থ কার্ডে পুনরায় তোলা যাবে। তবে ঘোষিত উদ্দেশ্যের বাইরে এই অর্থ ব্যবহার করা যাবে না।
-B