উড়োজাহাজটি সবে আকাশে উড়েছিল। তার পরেই ভয়ংকর কাণ্ড। বিপজ্জনকভাবে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটের। বিপদ বুঝে পাইলট যোগাযোগ করেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। এর পর ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করানো হয় ফ্লাইটটিকে।
সোমবার সকালে এই ঘটনা ঘটেছে ভূবনেশ্বর বিমানবন্দরে। যাত্রী এবং উড়োজাহাজ কর্মীরা অক্ষত আছেন বলেই জানা গেছে ।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিপত্তি হয় ভূবনেশ্বর থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই২০৬৫ ফ্লাইটে। টেকঅফের কিছু পরেই মাঝআকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে। বিপদ বাড়তে দেননি পাইলট। দ্রুত ভূবনেশ্বর বিমানবন্দরেই জরুরি অবতরণ করান তিনি। ইন্ডিগো সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। আপতত সমস্যা মিটেছে।
আরও পড়ুন: ইন্ডিগোর উড়োজাহাজে বোমা থাকার ফোন কল, নামানো হলো যাত্রীদের
উল্লেখ্য, দুই সপ্তাহ আগেই নাগপুরে জরুরি অবতরণ করানো হয় রাঁচীগামী ইন্ডিগোর একটি ফ্লাইট। মাঝআকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। ফ্লাইটের মধ্যে আচমকা রক্তবমি করতে শুরু করেন ৬২ বছরের ডি তিওয়ারি। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে অবতরণের সিদ্ধান্ত নেন চালক। দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়। যদিও শেষ পর্যন্ত যাত্রীকে বাঁচানো যায়নি।
-B