ঢাকাঃ ভারতের নয়াদিল্লি থেকে এসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শিয়ালের ‘খপ্পরে’ পড়েছিল ‘ইন্ডিগো এয়ারলাইন্সের’ একটি ফ্লাইট।
ট্যাক্সিওয়ে থেকে টার্মিনালের দিকে যাওয়ার সময় শিয়াল দেখে উড়োজাহাজ থামিয়ে দেন ইন্ডিগোর পাইলট; সাহায্য চান কন্ট্রোল টাওয়ারের কাছে।
এরপর টাওয়ার থেকে লোক পাঠিয়ে অবশ্য শিয়াল খুঁজে পায়নি। কয়েক মিনিট পরে উড়োজাহাজটি টার্মিনালের দিকে যাত্রা শুরু করে। পুরো দৃশ্যটি ধরা পড়ে একজন ‘প্লেন স্পটারের’ ক্যামেরায়।
রাতে ‘রয়েল বেঙ্গল এভিয়েশন’ নামের পেইজে ইন্ডিগোর শিয়ালের খপ্পরে পড়ার ভিডিওটি আপলোড করা হয়।
বিমানবন্দরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি বুধবারের (১৩ মে)। সব মিলিয়ে ফ্লাইটটি এক মিনিটের মতো আটকে ছিল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ বলেন, “শাহজালালে বন্যপ্রাণীর বিচরণ আছে, তবে এ বিষয়ে কোনো রিপোর্ট আমার কাছে আসেনি।”
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ইন্ডিগোর ককপিটের কথোপকথনও ভিডিওতে শোনা যায়।
ককপিট থেকে বলা হয়, “স্যার, উড়োজাহাজের ডান পাশে ৩০ ফুট দূরে ঘাসের মধ্যে একটি শিয়াল দেখতে পাচ্ছি। আমরা হোল্ড (অপেক্ষা) করছি। সেটাকে সরিয়ে দিলে আমরা ট্যাক্সি (ভূমিতে গড়িয়ে চলা) করব।”
তখন টাওয়ার থেকে বলা হয়, “এই পরিস্থিতিতে আমরা কাউকে পাঠাচ্ছি, আপনারা অপেক্ষমাণ থাকুন।”
কিছুক্ষণ পর ককপিট থেকে বলতে শোনা যায়, “আরেকটি শিয়াল বাম থেকে ডানে গেল। এখন দুটো শিয়াল উড়োজাহাজের ১০০ ফিট সামনে অবস্থান করছে।”
টাওয়ার থেকে বলা হয়, “আমরা এর মধ্যেই দুজন লোককে একটি গাড়িসহ পাঠিয়েছি। তারা যে কোনো মুহূর্তে সেখানে পৌঁছে যাবে।”
এর কিছুক্ষণ পরেই একটি কালো পিকআপ সেখানে যায়। এরপর টাওয়ার থেকে সাহায্যের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়।
তখন ককপিট থেকে বলা হয়, “শিয়ালগুলো ওই গাড়িটা থেকে থ্রিও ক্লক (৯০ ডিগ্রি কৌণিক দূরত্ব) অবস্থানে আনুমানিক ৫০ ফিট দূরত্বে ঘাসের মধ্যে লুকিয়ে আছে। আমার মনে হয় সেখানে একটা গর্ত আছে।”
এরপর গাড়িতে আসা লোকজন উড়োজাহাজটির সামনে থেকে একটি সবুজ রঙের পলিথিন কুড়িয়ে হাতে নিয়ে সেটি দেখিয়ে ককপিটের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় টাওয়ার থেকে বলা হয়, “সাহায্যে যাওয়া ব্যক্তিরা বলছেন, তারা উড়োজাহাজের ডান পাশে কেবল একটি পলিথিন পেয়েছেন। এখন কি তোমরা ট্যাক্সি করতে প্রস্তুত।”
তারপর ককপিট থেকে সম্মতিসূচক বার্তা দিলে টাওয়ার তাদের ট্যাক্সির পথ বাতলে দেয়।
-B