যুক্তরাষ্ট্রে ৭০০'র বেশি রেস্টুরেন্ট বন্ধ করেছে সাবওয়ে 

-মনিটর ডেস্ক রিপোর্ট Date: 16 May, 2026
যুক্তরাষ্ট্রে ৭০০'র বেশি রেস্টুরেন্ট বন্ধ করেছে সাবওয়ে 

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন সাবওয়ে গত এক বছরে ৭০০টির বেশি শাখা বন্ধ করেছে।

দেশটিতে গত ১০ বছর ধারাবাহিকভাবে এ প্রতিষ্ঠানের দোকানের সংখ্যা কমছে। তবে বিপুলসংখ্যক দোকান বন্ধ হওয়ার পরও স্টোর সংখ্যার দিক থেকে সাবওয়ে এখনো যুক্তরাষ্ট্রের বৃহত্তম ফাস্ট ফুড চেইন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

কোম্পানির তথ্য বলছে, ২০১৫ সালে সাবওয়ের স্টোর সংখ্যা ছিল সর্বোচ্চ। ওই সময় দেশজুড়ে প্রায় ২৭ হাজারের বেশি রেস্টুরেন্ট চালু ছিল। কিন্তু ২০১৬-২৫ সালের মধ্যে চেইনটি ৮ হাজার ৩৪৫টি রেস্টুরেন্ট বন্ধ করে। প্রায় এক দশকে বন্ধ হওয়া দোকানের সংখ্যাই যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫টি ফাস্ট ফুড চেইনের মোট স্টোর সংখ্যার সমান। এরপর ২০২৫ সালে সাবওয়ে আরো ৭২৯টি দোকান বন্ধ করে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ। উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠানটি রেকর্ড ১ হাজার ৪৩টি দোকান বন্ধ করে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে সাবওয়ের মোট দোকানের সংখ্যা ১৬ হাজার ৮৬০টি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যাকডোনাল্ডসের দোকানের সংখ্যা ১৩ হাজার ৭০৬। সাবওয়ে আরো জানায়, কোম্পানিটি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় নতুন ১০০টি জায়গায় স্টোর খোলার পরিকল্পনা করছে। 

চলতি বছর আর কতগুলো দোকান বন্ধ হতে পারে, সে বিষয়ে তারা কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। সাবওয়ে এখন ‘সঠিক’ জায়গায় রেস্টুরেন্ট স্থাপনের ওপর জোর দিচ্ছে। কোম্পানিটি এমন জায়গা নির্বাচন করতে চায়, যেখানে গ্রাহকদের যাতায়াত বেশি।

সাবওয়ের যাত্রা শুরু হয় ১৯৬৫ সালে কানেকটিকাটে। ১৭ বছর বয়সী ফ্রেড ডেলুকা তার কলেজের টিউশন ফি পরিশোধের উপায় খুঁজতে পারিবারিক বন্ধু ড. পিটার বাকের পরামর্শ চান। ড. বাক ছিলেন একজন পারমাণবিক পদার্থবিদ। বাকের ১ হাজার ডলারের প্রাথমিক বিনিয়োগ ও একটি সাবমেরিন স্যান্ডউইচ শপ খোলার পরিকল্পনা থেকে এ ব্যবসার শুরু হয়। এ অংশীদারত্ব দ্রুত খাবার পরিবেশন বা ‘কুইক সার্ভিস রেস্টুরেন্ট’ শিল্পের চিত্র বদলে দেয়।

২০২৪ সাল পর্যন্ত এটি একটি পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল। পরবর্তী সময়ে প্রাইভেট ইকুইটি ফার্ম ‘রোর্ক ক্যাপিটাল’ ৯৬০ কোটি ডলারে চেইনটি কিনে নেয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor