এয়ারবাস ভাড়া দেবে কুয়েত এয়ারওয়েজ

মনিটর অনলাইন  Date: 21 August, 2023
এয়ারবাস ভাড়া দেবে কুয়েত এয়ারওয়েজ

আগামী ১০ বছরের মধ্যে ৮টি এয়ারবাস প্যাসেঞ্জার জেট ভাড়া দেয়ার কথা জানিয়েছে কুয়েত এয়ারওয়েজ। সম্প্রতি কোম্পানিটির চেয়ারম্যান আলী আলদোখান এ কথা জানান। 

এক সংবাদ সম্মেলনে আলদোখান জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি বর্তমানে বিভিন্ন লিজিং কোম্পানির কাছ থেকে পাওয়া অফার মূল্যায়ন করছে। সব এয়ারবাস ৩২১ নিও উড়োজাহাজগুলোকে ৮-১০ বছরের জন্য ভাড়া দেয়া হবে। সে বিষয়েও তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

২০২২ সালে এয়ারবাসের সঙ্গে কয়েক কোটি ডলারের চুক্তি করে কুয়েত এয়ারওয়েজ। এর অধীনে ৩১টি উড়োজাহাজ কেনার কথা রয়েছে, যার মধ্যে ১৮টি এরই মধ্যে সরবরাহ করা হয়েছে। এ চুক্তিরই একটি অংশ হিসেবে আটটি উড়োজাহাজ ভাড়া দেয়ার বিষয়ে কথা হচ্ছে।

কভিড-১৯ মহামারীর কারণে বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন এয়ারলাইনস কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এরপর উপসাগরীয় দেশগুলোর কিছু এয়ারলাইনস গ্রাহকদের ভ্রমণ চাহিদা বাড়তে দেখেছে। সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পর্যটন খাতে রূপান্তরে বিভিন্ন দেশের সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়নে মূল ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: পাসপোর্টে বয়স কমিয়ে বিপাকে কুয়েত প্রবাসীরা

আলদোখান জানান, ২০২৩ সালের শুরুতে বছরওয়ারি হিসেবে কুয়েত এয়ারওয়েজের উড়াজাহাজের জন্য জ্বালানি ব্যয় ৩৮ শতাংশ বেড়েছে। একই সংবাদ সম্মেলনে কুয়েত এয়ারওয়েজের প্রধান নির্বাহী মাইন রাজৌকি জানান, এয়ারলাইনসে ব্যবহৃত উড়োজাহাজগুলোর জন্য জ্বালানি ব্যয় কমাতে কুয়েত পেট্রোলিয়া করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor