বিমানের কেবিন ক্রু গোলাম দস্তগীর সাময়িক বরখাস্ত

মনিটর রিপোর্ট Date: 28 August, 2023
বিমানের কেবিন ক্রু গোলাম দস্তগীর সাময়িক বরখাস্ত

ঢাকা : ফ্লাইট পার্সার মোহাম্মাদ গোলাম দস্তগীরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম সাক্ষরিত  আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

২৪ আগস্ট এক আদেশে বলা হয়, ফ্লাইট পার্সার মো. গোলাম দস্তগীর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত কোনও কর্মসূচিতে অংশ নেননি। কিন্তু সেদিন সন্ধ্যা ৬টায় বারিধারা ক্লাবে ‘টিম দস্তগীর’ এর একটি আলোচনা সভা এবং নৈশভোজের আয়োজন করেন তিনি। জাতীয় শোক দিবসে বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আয়োজিত কর্মসূচিতে অংশ না নিয়ে বারিধারা ক্লাবে নৈশভোজের আয়োজন করা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে আদেশে।

এতে আরও বলা হয়েছে, মোহাম্মাদ গোলাম দস্তগীরের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯ এর ৫৫ ধারার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। তাই তাকে বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯ এর ৫৮ অনুযায়ী চাকরি থেকে ‘সাময়িক বরখাস্ত’ করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন মো. গোলাম দস্তগীর বিমানের প্রধান কার্যালয়ে নিয়মিত হাজিরা দেবেন এবং বর্তমান ঠিকানায় অবস্থান করবেন।

আরও পড়ুন: কেয়ার ভিসা: যেসব প্রশ্নের উত্তর জানা থাকলে ফির‌তে হবে না লন্ডনের বিমানবন্দর থে‌কে

এর আগে এ ঘটনায় ফ্লাইট পার্সার ও বিমানের কেবিন ক্রু ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মাদ গোলাম দস্তগীরকে গ্রাউন্ডেড করে ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়েছিল বিমান। বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রশাসন (ফ্লাইট সার্ভিস) মো. মনিরুজ্জমান খান স্বাক্ষরিত নোটিশ গত ২০ আগস্ট তাকে দেওয়া হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor