ঢাকাঃ প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর শিখর স্পর্শ করলেন চট্টগ্রামের বাবর আলী। আজ শনিবার (২ মে) ভোরে বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে তিনি এ পর্বত জয় করেন।
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালুর উচ্চতা ৮,৪৮৫ মিটার বা ২৭,৮৩৮ ফুট যা নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত।
পেশায় চিকিৎসক এ মানুষের নেশা পর্বত জয় করা। বিশ্বে ৮ হাজার মিটার বা ততোধিক উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি যেগুলো পর্বতারোহণের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। সেই কঠিন অভিযাত্রায় ধারাবাহিক সাফল্য দেখিয়ে চলেছেন বাংলাদেশের এ পর্বতারোহী।
২০২৫ সাল পর্যন্ত এই ১৪টি শৃঙ্গের মধ্যে চারটিতে সফল আরোহণ করেছিলেন তিনি। এবার মাউন্ট মাকালু জয়ের পর মোট ৫টিতে সফল আরোহনের কৃতিত্ব জমা হলো তার ঝুড়িতে।
মাউন্ট মাকালু জয়ে বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা।
ভার্টিকাল ড্রিমার্স ক্লাবের উদ্যোগে গ্রেট ব্ল্যাক ওয়ান নামে পরিচিত এই দুর্গম শৃঙ্গ জয়ের উদ্দেশে বাবর গত ৭ এপ্রিল দেশ ছাড়েন। ৯ এপ্রিল বিমানে পৌঁছান টুমলিংটার এবং সেখান থেকে সড়কপথে যান সেদুয়া গ্রামে।
এরপর ট্রেকিং শুরু করে ১৮ এপ্রিল পৌঁছান বেসক্যাম্পে। ধাপে ধাপে অভিযোজন শেষে ৩০ এপ্রিল আবার শীর্ষ অভিযানে রওনা দেন তিনি।
৬,৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২ থেকে ৭,৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ এ উঠে মধ্যরাতে শুরু করেন চূড়ান্ত আরোহন। প্রায় ১,১০০ মিটার কঠিন আরোহণ শেষে ভোরে পৌঁছে যান শিখরে।
বাবার ভার্টিক্যাল ড্রিমার্স নামে পর্বতারোহন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক।
তিনি ২০১৭ সালে ভারতের নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ নেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আরোহণ করেন আমা দাবলাম। ২০২৪ সালে একই অভিযানে জয় করেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে যা একসঙ্গে দুই আট হাজার মিটার পর্বত জয় করার অনন্য কৃতিত্ব।
২০২৫ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি হিসেবে আরোহণ করেন অন্নপূর্ণা-১। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই জয় করেন মাউন্ট মানাসলু যা বাংলাদেশিদের মধ্যে আরেকটি প্রথম অর্জন।
মাকালু জয় বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক নতুন উচ্চতা যোগ করলো।
-B