বিমান-বোয়িং উড়োজাহাজ ক্রয়চুক্তি আজ

-মনিটর রিপোর্ট Date: 30 April, 2026
বিমান-বোয়িং উড়োজাহাজ ক্রয়চুক্তি আজ

ঢাকাঃ যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ ক্রয়ে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে।

বিমানের বহর আধুনিকীকরণ ও যাত্রীসেবার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সূত্র জানায়।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনা হবে।

বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন বলে জানা গেছে।

এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যা দেশের এভিয়েশন খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘযাত্রার গন্তব্যে সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যম যাত্রার রুটে কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

এমন সময় এই চুক্তি হতে যাচ্ছে, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে, যা দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও বাড়তে থাকা যাত্রী চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ লক্ষ্য সামনে রেখে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বহরের আকার ৪৭টিতে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে বাকি উড়োজাহাজগুলো হস্তান্তর করা হবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor