ঢাকাঃ দেশে প্রথমবারের মতো গার্মেন্টস ও টেক্সটাইল খাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের বৃহৎ প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ (২৯ এপ্রিল-২ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের দ্রুত বিকাশমান পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
৪ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো. লিমিটেড।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘বিটিকেজি এক্সপো ২০২৬-এ প্রায় ৩০টি দেশের এক হাজারেরও বেশি প্রদর্শক অংশগ্রহণ করবে, তার মধ্যে বাংলাদেশ, কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উল্লেখযোগ্য।
মোট ১২০০টিরও বেশি বুথ নিয়ে ৮টি প্রদর্শনী হলে প্রায় ২০০০০ বর্গমিটার এলাকা জুড়ে এই আয়োজন বিস্তৃত থাকবে। এই বৃহৎ পরিসরের আয়োজন বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রতি বৈশ্বিক আগ্রহের প্রতিফলন।
বাংলাদেশের তৈরি পোশাক (আরএমডি) খাত দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে এই খাত থেকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার (৩৯,৩৪৬ দশমিক ৯৭ মিলিয়ন) রপ্তানি আয় হয়েছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮১ দশমিক ৪৯ শতাংশেরও বেশি। জাতীয় জিডিপিতে এই খাতের অবদান প্রায় ১২–১৩ শতাংশ এবং এতে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৪০ লক্ষাধিক মানুষের।
এই প্রেক্ষাপটে, ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক নির্মাতা, প্রযুক্তি সরবরাহকারী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি এবং বৈশ্বিক প্রবণতা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করবেন। এর ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা আরও শক্তিশালী হবে।
প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস ভ্যালু চেইনের বিভিন্ন ধাপের যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে টেক্সটাইল মেশিনারি, ডাই ও কেমিক্যালস, নিটিং ও বয়ন যন্ত্র, এমব্রয়ডারি মেশিন, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তি, টেস্টিং ইকুইপমেন্ট, এবং বিভিন্ন ধরনের সহায়ক যন্ত্রপাতি ও উপকরণ।
আয়োজকদের প্রত্যাশা, ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুধু বাংলাদেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী করবে না, বরং প্রযুক্তিগত উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করবে।
-B