পরিবর্তন আসছে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায়

-মনিটর রিপোর্ট Date: 05 February, 2026
পরিবর্তন আসছে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায়

ঢাকাঃ ভারতীয় ভিসা প্রদানের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। 

আজ  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হবে।

আইভ্যাক জানিয়েছে, নতুন সিস্টেমে আগামী ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাবে। এই ব্যবস্থায় পরদিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে অবশ্যই বিকাল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

এক নোটিশে আইভ্যাক জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় সাইনআপ প্রক্রিয়া চালু হবে এবং সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং শুরু হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) এবং এর পরবর্তী তারিখগুলোর সব অ্যাপয়েন্টমেন্ট নতুন এই সিস্টেমের মাধ্যমেই ইস্যু করা হবে। নতুন সিস্টেমের লিংক আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের প্রথমে ভিসা ওয়েব ফাইলে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিয়ে সাইনআপ করতে হবে। সাইনআপের সময় একটি ওটিপি ইমেইলে এবং আরেকটি মোবাইল নম্বরে পাঠানো হবে। 

পর্যায়ক্রমে ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করার পর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ শেষ করতে হবে। বিকাল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন না হলে ওই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইনের পর মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পেজে যাওয়া যাবে। সেখানে প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে।

সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে আবেদনকারীকে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য একটি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখানো হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ভিসার ফি পরিশোধ করতে হবে।

নতুন সিস্টেম চালুর শুরুতেই জাল অ্যাপয়েন্টমেন্ট বা প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইভ্যাক। একই সঙ্গে সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে সকল আবেদনকারীকে নির্দেশিকা ভালোভাবে অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor