বিমান ও গালফ এয়ারের মধ্যে কোড-শেয়ার চুক্তি স্বাক্ষরিত

মনিটর রিপোর্ট Date: 12 August, 2023
বিমান ও গালফ এয়ারের মধ্যে কোড-শেয়ার চুক্তি স্বাক্ষরিত

ঢাকা: বাহরাইনের গালফ এয়ারের সঙ্গে ‘কোড শেয়ার’ চুক্তি করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ চুক্তির ফলে বিমানের কাছ থেকে টিকিট কিনে গালফ এয়ারের রুটগুলোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

বিমানের প্রধান কার্যালয় বলাকায় ভার্চুয়ালি এ চুক্তি সই হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমানের কর্মকর্তারা বলছেন, কোড শেয়ারের ফলে যেসব গন্তব্যে গালফের ফ্লাইট আছে সেসব গন্তব্যের টিকিট বিক্রি করবে বিমান। অর্থাৎ কোন যাত্রী বিমানের ফ্লাইটে বাহরাইন গিয়ে সেখান থেকে গালফের ফ্লাইটে অন্য কোন গন্তব্যে যেতে পৃথকভাবে টিকিট করতে হবে না। বিমানের কূপনেই যাত্রীরা গালফের সেবা পাবেন। একইভাবে গালফের যাত্রীরাও সেই এয়ারলাইন্সের টিকিট কেটে বিমানের সেবা নিতে পারবেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম এবং গালফ এয়ারের সিইও ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি কোড শেয়ার চুক্তিতে সই করেন। এসময় বলাকায় গালফ এয়ারের বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নতুন লোগো আনল এয়ার ইন্ডিয়া

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকেট বিক্রিসহ অন্যান্য ক্ষেত্রে উভয় এয়ারলাইন্স একে অপরকে সহযোগিতা করবে। বিমান ও গালফ এয়ারের যাত্রীরা ঢাকা-বাহারাইনের পাশাপাশি উভয় দেশের অভ্যন্তরীণ রুটেও সহজে যাতায়াত করতে পারবেন, যা পারস্পারিক সংযোগ বৃদ্ধি করবে।

বিমানের এমডি শফিউল আজিম বলেন, “গালফ এয়ারের সাথে কোড শেয়ার চুক্তি উভয় এয়ারলাইন্সের জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের সাথে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্ধনকে শক্তিশালী করবে।”

বিমান বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পেরে আনন্দ প্রকাশ করে গালফ এয়ারের সিইও বলেন, “এর ফলে আমাদের নেটওয়ার্ক হবে সম্প্রসারিত এবং যাত্রীরা উপভোগ করবেন স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ।”

আরও পড়ুন: নতুন উড়োজাহাজ যুক্ত হলো সৌদিয়ার বহরে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোড শেয়ার চুক্তির মাধ্যমে এয়ারলাইন্স দুটির অপারেশনাল সক্ষমতা বাড়বে, পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় হবে এবং এর ফলে উভয় এয়ারলাইন্স উপকৃত হবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor