নিরাপত্তার অজুহাতে বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করা যাবে না: পার্বত্য মন্ত্রী

-মনিটর রিপোর্ট Date: 11 May, 2026
নিরাপত্তার অজুহাতে বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করা যাবে না: পার্বত্য মন্ত্রী

রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সরকার এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। 

তিনি বলেন, পাহাড়ের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে নিরাপত্তার অজুহাত দেখিয়ে কোনোভাবেই বিদেশি পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা যাবে না।

রবিবার (১০ মে) রাতে রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র বার্গী লেক ভ্যালিতে রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পর্যটন খাতের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে শুধু দেশি পর্যটকদের ওপর নির্ভর করলে চলবে না। এই অঞ্চলে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ানোর ওপর বিশেষ জোর দিতে হবে। তিনি মনে করেন, বিদেশি পর্যটকদের বিচরণ যত বাড়বে, এই অঞ্চল নিয়ে আন্তর্জাতিক মহলে চলা বিভিন্ন নেতিবাচক অপপ্রচার তত সহজে রুখে দেয়া সম্ভব হবে। পর্যটন শিল্পের টেকসই প্রসারে রিসোর্ট মালিকদের অংশীদারিত্ব নিশ্চিত করে মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।

মতবিনিময় সভায় স্থানীয় রিসোর্ট মালিকরা পাহাড়ের পর্যটন বিকাশে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তারা এই শিল্পে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, যাতায়াত ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন এবং সহজ শর্তে ও স্বল্প সুদে ব্যাংক ঋণের দাবি জানান। 

মালিকরা অভিযোগ করেন, বিদেশি পর্যটকদের পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান কড়াকড়ি ও দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়া পর্যটন খাতের প্রসারে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব কড়াকড়ি শিথিল করার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।

রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ললিত সি চাকমা, বাপ্পী তঞ্চঙ্গ্যা এবং সুমেট চাকমাসহ জেলার বিভিন্ন রিসোর্টের মালিক ও প্রতিনিধিরা।

-B

Share this post



Also on Bangladesh Monitor