এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ

ইমামুল হাসান তোতা Date: 02 September, 2023
এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ

ঢাকা : এশিয়া কাপ শুরু হয়েছে দু’দিন হলো। কিন্তু টুর্নামেন্টের আসল উত্তাপ দেখা যাবে আজ। ২০১৯ সালের পর আজ (২ সেপ্টেম্বর) আবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু ক্যান্ডির মহারণ উত্তাপ ছড়াতে শুরু করছে এটা যেমন ঠিক, তেমনি আশঙ্কাও থাকছে।

পাক-ভারত দ্বৈরথের রোমাঞ্চে বাধা হতে পারে বৃষ্টি। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সাবেক দুই চ্যাম্পিয়নদের হাইভোল্টেজ ম্যাচে রয়েছে বৃষ্টির আশঙ্কা। কে জিতবে সে প্রশ্নে না গিয়ে আলোচনা-ম্যাচটা আদৌ হবে তো। ইতোমধ্যে ক্যান্ডির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ২ সেপ্টেম্বর দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। শনিবার সর্বনিম্ন বৃষ্টির শতাংশ ৯১। তবে পুরো ম্যাচে না হলেও পাক-ভারত মহারণে যে বৃষ্টি বাগড়া দেবে সেটি একপ্রকার নিশ্চিত। তাই টস হতে পারে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

গত সপ্তাহে আইসিসি ওয়ানডে রাংকিংয়ে ১১৯ রেটিং নিয়ে শীর্ষে ওঠে পাকিস্তান। ১১৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ভারতের রেটিং ১১৩। আজ ভারত জয়ী হলে শীর্ষস্থান হারাবে পাকিস্তান। ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাবে বাবর আজমের দল, শীর্ষে উঠবে অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩২ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারতের জয় ৫৫টিতে, পাকিস্তানের জয় ৭৩টিতে। চারটি ম্যাচ পরিত্যক্ত হয়। এশিয়া কাপে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে সর্বমোট ১৬ বার দেখা হয় উভয় দলের। ১৩ ওয়ানডেতে সাতটিতে জিতেছে ভারত, পাঁচটি জিতে পাকিস্তান ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-২০ সংস্করণে তিনবারের দেখায় দু’বার ভারত ও একবার জয় পায় পাকিস্তান।

বিগ ম্যাচটি খেলতে ভারত ও পাকিস্তান দু’দলই এখন ক্যান্ডিতে। নেপালকে হারিয়ে এই ম্যাচের প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। আর চলতি এশিয়া কাপে ভারতের এটাই প্রথম ম্যাচ। মর্যাদার লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দল দু’টি।

আরও পড়ুন: বেনকো বাংলাদেশ লঞ্চ করলো ২টি স্মার্টফোন

সবশেষ ২০১৯ সালে ১৬ জুন বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টি আইনে ৮৯ রানে জিতেছিল ভারত। এরপর ওয়ানডে ফরম্যাটে না হলেও টি-২০ ফরম্যাটে চারবার (দু’বার বিশ্বকাপে দু’বার এশিয়া কাপে) মুখোমুখি চয়েছে ভারত-পাকিস্তান। সমান দু’বার করে জয় ও হারের স্বাদ পেয়েছে দল দু’টি।

এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুলতানে নিজেদের মাঠে নেপালকে উড়িয়ে দেয় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড ২৩৮ রানে জয় তুলে নেয় পাকিস্তান। ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুলেন বাবর। একই সাথে ১০২ ইনিংসে দ্রুততম ১৯ সেঞ্চুরির মালিকও এখন বাবর। রান বিবেচনায় এশিয়া কাপের ইতিহাসে এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়। এর আগে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ২৩৩ রানে জয় পেয়েছিল পাক ক্রিকেটাররা। এবার ৩৪৩ রানের টার্গেটে ১০৪ রানে গুটিয়ে যায় এশিয়া কাপে অভিষেক হওয়া নেপাল। পাকিস্তানের শাদাব ২৭ রানে ৪ উইকেট নেন।

বড় জয়ের পরও উচ্ছ্বসিত নয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে মহারণ নিয়েই তার সব চিন্তা-ভাবনা, ‘নেপালের বিপক্ষে ম্যাচটি ছিল প্রস্তুতির ভালো সুযোগ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাস বেড়েছে। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাই না। ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচে কী হবে তা আগ থেকে বোঝা যায় না। তবে আমরা সতর্ক।’

তিনি যোগ করেন, ‘ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে হবে। তবে অতিরিক্ত চাপ নিতে চাই না। আশা করি ফল আমাদের পক্ষেই আসবে। আমাদের ব্যাটার-বোলাররা দারুণ ছন্দে রয়েছে। ভারতের বিপক্ষে ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রে শুরুটা ভালো করতে চাই।’

এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছে পাকিস্তান। বিশে^র এক নম্বর দলের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘যেকোনো ফরম্যাটেই শক্তিশালী দল পাকিস্তান। ওয়ানেডেতে তারা এখন শীর্ষে। জয় পেতে তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের ব্যাটিং-বোলিং বিভাগ অনেক শক্তিশালী হলেও মাঠের লড়াইয়ে সেরা ক্রিকেটই খেলতে হবে। তাদের শক্তিশালী বোলিংকে সামলাতে আমাদের ব্যাটারদের বড় দায়িত্ব নিতে হবে।’

আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ খুলছে

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ১০ ম্যাচের মাত্র তিনটিতে পরাজয়ের পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে রোহিত বলেন, ‘গত কয়েক বছরে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে আমাদের পারফরম্যান্স বেশ ভালো। ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছি আমরা। দল হিসেবে খেলতে পারলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারব আশা করছি।’

সদ্য চারটি ওয়ানডে ম্যাচে জয় পাওয়ায় দল সাজানো নিয়ে চিন্তা নেই পাকিস্তানের। কিন্তু একাদশ নিয়ে চিন্তার ভাঁজ ভারতের। বিশেষভাবে মিডল অর্ডারে। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ার পরও এশিয়া কাপের দলে নেয়া হয় দুই মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলকে। কন্ডিশনিং ক্যাম্পে আইয়ার পুরোপুরি ফিট হয়ে উঠলেও, ছিটকে গেছেন রাহুল। তাতে মিডল অর্ডারে কাকে খেলানো হবে, সেটি চূড়ান্ত সিদ্বান্ত নিতে পারেনি ভারত। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, উইকেটরক্ষক হওয়ায় একাদশে সুযোগের সম্ভাবনা সবচেয়ে বেশি ইশান কিশানের। সে ক্ষেত্রে পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন কিশান।

-B

Share this post



Also on Bangladesh Monitor