ঢাকাঃ ফ্রান্স হয়ে তৃতীয় কোনও দেশে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের জন্য আর ট্রানজিট ভিসার প্রয়োজন নেই।
ভারতে অবস্থিত ফরাসি দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতীয় নাগরিকদের ভ্রমণ সহজ করতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ (অর্ডিনারি) পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ফ্রান্সের বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট জোন দিয়ে অন্য দেশে ভ্রমণের সময় আর ট্রানজিট ভিসা নিতে হবে না। ১০ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
তবে এই সুবিধা কেবল তাদের জন্য প্রযোজ্য, যারা ফ্রান্সের কোনও বিমানবন্দরে যাত্রাবিরতির সময় আন্তর্জাতিক ট্রানজিট জোনের মধ্যেই অবস্থান করবেন এবং সেখানে ইমিগ্রেশন পার হবেন না।
ফরাসি কর্তৃপক্ষের এ পদক্ষেপকে ভারতীয় যাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
-B