ঢাকাঃ দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে সৌদি আরবের প্রথম ও বৃহত্তম ওয়াটার থিম পার্ক ‘অ্যাকুয়ারাবিয়া’।
দেশটির বিনোদননির্ভর পরিকল্পিত শহর কিদ্দিয়া সিটিতে পার্কটি স্থাপন করেছে কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকলেও শুধু শুক্রবারে নারী ও শিশুদের জন্য প্রবেশাধিকার রাখা হয়েছে, যেখানে সব কার্যক্রম পরিচালনা করবেন নারী কর্মীরা।
রিয়াদের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত কিদ্দিয়া। প্রায় ৩৬০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে শহরটি গড়ে উঠছে। এ মেগা প্রকল্পের পরিকল্পনায় রয়েছে ২০টির বেশি আবাসিক জোন, ৪০০টি আকর্ষণ, ২৭৫টি রাইড, ১২টি থিম পার্ক ও ৪৩টি ক্রীড়া স্থাপনা।
অ্যাকুয়ারাবিয়া ২ লাখ ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত, আটটি থিম জোনে ২২টি রাইড ও এক্সপেরিয়েন্স জোন রয়েছে। এখানে ৯১টি বিলাসবহুল ক্যাবানা রয়েছে। যারা পানির রাইড ব্যবহার করতে চান না, তাদের জন্য সাতটি ড্রাই রাইডও রাখা হয়েছে।
গত ডিসেম্বরে কিদ্দিয়ায় চালু হয়েছে সিক্স ফ্লাগস কিদ্দিয়া সিটি। অ্যাকুয়ারাবিয়ার মাধ্যমে কিদ্দিয়া সিটির মধ্যে এখন শক্তিশালী ‘দুই পার্ক’ বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে। অ্যাকুয়াবারিয়ায় চারটি বিশ্ব রেকর্ডধারী আকর্ষণ রয়েছে বলে দাবি করেছে কিদ্দিয়া। এর মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ ওয়াটার কোস্টার জুনুন ড্রপ ও বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্লাইড হুইল স্লিথারিল।
পার্কে সার্ফটোপিয়া নামের অংশটি সৌদি আরবের প্রথম সার্ফ পুল, যেখানে খেলার ধরন অনুসারে আলাদা ঢেউ তৈরি করা হয়। এছাড়া কায়াকিং ও হোয়াইট ওয়াটার প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
পার্কের মোট কার্যক্রমের প্রায় ২০ শতাংশই ড্রাই অ্যাট্রাকশন। পাশাপাশি রয়েছে ২৪টি খাবার ও পানীয় আউটলেট এবং সাতটি খুচরা দোকান, যেখানে সাঁতারের পোশাক, সানস্ক্রিন, স্মারকসামগ্রীসহ নানা পণ্য বিক্রি হয়।
উদ্বোধনী দিনে প্রাপ্তবয়স্কদের টিকিটের প্রারম্ভিক মূল্য ছিল ২৭৫ সৌদি রিয়াল এবং ৪-১১ বছর বয়সীদের জন্য ১৭০ রিয়াল। চার বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ ফ্রি। অ্যাকুয়ারাবিয়ার তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান শেষ হচ্ছে আজ।
-B