মাঝ আকাশে উড়োজাহাজের ভেতর হঠাৎ রক্তবমি হয় এক যাত্রীর। সোমবার (২১ অগস্ট) ভারতের মুম্বাই থেকে রাঁচী যাওয়ার পথে এয়ার ইন্ডিগোর একটি উড়োজাহাজে এই ঘটনা ঘটে।
অসুস্থতার কারণে ওই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে উড়োজাহাজটি নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। তবে ওই যাত্রীকে বাঁচানো যায়নি।
জানা গেছে, ওই যাত্রীর নাম ডি তিওয়ারি, বয়স ৬২ বছর।
উড়োজাহাজে উপস্থিত চিকিৎসক প্রাথমিকভাবে তার স্বাস্থ্যপরীক্ষা করেন। তিনিই পরামর্শ দেন, যাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর। এরপর রাত ৮টা নাগাদ নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ইন্ডিগোর উড়োজাহাজটিকে।
উড়োজাহাজের কর্মীরা তাৎক্ষণিক ওই যাত্রীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। চিকিৎসকেরা জানান, ওই বৃদ্ধ যক্ষ্মা রোগে আক্রান্ত। সেই কারণেই তিনি রক্তবমি করছিলেন। নাগপুরের হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: মাঝ আকাশে ইঞ্জিন বিকল, ইন্ডিগো উড়োজাহাজের জরুরি অবতরণ
নাগপুর বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করার পর উড়োজাহাজটি অন্য যাত্রীদের নিয়ে আবার রওনা দেয় রাঁচীর উদ্দেশে। এতে প্লেটির রাঁচী পৌঁছতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হয়।
এয়ার ইন্ডিগোর পক্ষ থেকে পরে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “মুম্বাই থেকে রাঁচী যাওয়ার পথে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নাগপুরে জরুরি অবতরণ করাতে হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও ওই যাত্রীকে বাঁচানো যায়নি। তার পরিবার, প্রিয়জনদের প্রতি আমরা সমবেদনা জানাই।”
-B