ভারতকে ভিসা ছাড়া ভ্রমণ চুক্তির প্রস্তাব দিল রাশিয়া

মনিটর অনলাইন  Date: 13 August, 2023
ভারতকে ভিসা ছাড়া ভ্রমণ চুক্তির প্রস্তাব দিল রাশিয়া

ভিসা ছাড়াই ভারতীয় নাগরিকেরা রাশিয়া ভ্রমণ করবেন, আবার রুশ নাগরিকেরাও ভিসা ছাড়া ভারত ভ্রমণ করবেন—দিল্লিকে এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে মস্কো। তবে ভ্রমণকারীদের অবশ্যই দলবদ্ধ হয়ে অর্থাৎ একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করতে হবে। বর্তমানে চীন ও ইরানের সঙ্গে এ ধরনের একটি ভ্রমণ চুক্তি রয়েছে রাশিয়ার। 

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ ভ্রমণ চুক্তিটিতে সাড়া দিতে ভারতের প্রতি আহ্বান জানান। মূলত পর্যটন শিল্পকে মহামারির ক্ষতি কাটিয়ে তুলতেই এ ধরনের চুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে রাশিয়া। 

এর আগে গত ১ আগস্ট ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) সিস্টেম চালু করে রাশিয়া। এর ফলে ভারতীয় পাসপোর্টধারীদের ব্যবসায়িক ভ্রমণ, অতিথি হিসেবে ভ্রমণ এবং পর্যটকেরা খুব দ্রুত রাশিয়ার ভিসা পেয়ে যাবেন। একই দিনে আরও ৫৫টি দেশের নাগরিকদের জন্য ৫২ ডলারের বিনিময়ে ইলেকট্রনিক ভিসা পাওয়ার স্কিমও চালু করেছে দেশটি। ওই ভিসার মেয়াদ হবে ৬০ দিন। এটি দিয়ে ভ্রমণকারীরা ১৬ দিনের বেশি রাশিয়ায় অবস্থান করতে পারবেন। 

রাশিয়া-টুয়েন্টি ফোর টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় রেশেতনিকভ বলেন, ‘মস্কো ইতিমধ্যে চীনের সঙ্গে একই ধরনের প্রক্রিয়া চালু করেছে। ভারত এর পরেই আছে। আমরা তাঁদের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আপাতত কূটনৈতিক মাধ্যমে আলোচনা হচ্ছে।’ 

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর - পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত দুই উড়োজাহাজ

চুক্তিটি খুব দ্রুত হয়ে যাবে বলেও আশাবাদী রেশেতনিকভ। চুক্তি হলে সর্বনিম্ন পাঁচজন ভারতীয় পর্যটক হলেই তাঁরা রাশিয়ায় ভিসা ছাড়া একসঙ্গে প্রবেশের সুযোগ পাবেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor