ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ওদেসার কয়েকটি সমুদ্রসৈকত দর্শনার্থী ও সাঁতারুদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। তবে আকাশ হামলার সতর্কতা জারি করা হলে সে সময় সৈকতে গোসল করা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর এবং নৌঘাঁটি ওদেসায় যুদ্ধ শুরুর পরপর গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া সেখানে ক্রামাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে গেছে। সমুদ্রের পানিতে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয় শত শত সি মাইন। স্থানীয়দের নিরাপত্তা এবং কয়েকটি সৈকতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটার পর ওদেসা উপকূল জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এখন নগরীর বেসামরিক কর্তৃপক্ষ এবং সামরিক প্রশাসন মিলে যৌথভাবে পুনরায় সৈকত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ওদেসার গভর্নর ওলেহ কিপার। তিনি জানান, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সৈকত খোলা থাকবে।
ওদেসার যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষ সৈকত খুলে দেয়া এবং সেখানে সাঁতার কাটা ও সূর্যস্নানের সুযোগ করে দেয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সাঁতারুরা যাতে সাগরে ছড়িয়ে থাকা সি মাইনের সংস্পর্শে না আসতে পারে সেজন্য কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। সাবেক ডাইভার ওলেকসান্দর (পুরো নাম প্রকাশ করতে চাননি) বলেন, মাইন থেকে সাঁতারুদের সুরক্ষা দেয়ার জন্য মাইনবিরোধী জাল বিছানো হয়েছে। জালগুলো মাইনগুলোকে আটকে রাখবে এবং আবহাওয়া ভালো থাকলে সৈকত থেকে সেগুলোকে দেখা যাবে। জরুরি কর্মীরা সেগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়ার ব্যবস্থা করবেন।
আরও পড়ুন: হোটেল ও রেস্টুরেন্টের ভাড়া কমাবে আমিরাত
ওদেসার স্থানীয় বাসিন্দা সভিৎলানা বলেন, আমি সৈকতে যাওয়ার এবং নোনা বাতাসে ফুসফুস ভরে নেয়ার স্বপ্ন দেখছি। আমি এসবের অভাব খুব বোধ করছি। তবে নিরাপত্তা সবার আগে।
-B