সিলেটঃ প্রবাসী কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সেবার মান উন্নয়নে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ প্রবাসী লাউঞ্জ ও মেডিকেল ইউনিট চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ মে) সিলেটের গ্র্যান্ড সিলেটে আয়োজিত “গ্লোবালাইজিং সিলেট” শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্বলিত একটি মেডিকেল ইউনিট চালু করা হবে, যাতে প্রবাসী ও যাত্রীরা জরুরি চিকিৎসা সহায়তা দ্রুত পেতে পারেন।
তিনি আরও বলেন, গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দর প্রাঙ্গণে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা রাখা হবে।
প্রবাসী কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে ফিরিয়ে এনে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করছে সরকার।
তিনি বলেন, সরকার বৈদেশিক কর্মসংস্থানকে আরও নিরাপদ ও কল্যাণমুখী করতে কাজ করছে। একই সঙ্গে বিমানবন্দরসহ বিভিন্ন সরকারি সেবাকেন্দ্রে প্রবাসীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেমিনারে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান, বিশেষ করে রেমিট্যান্স ও বিনিয়োগের ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
-B