পানিতে ডুবলো সিম্বল অব রাঙ্গামাটি

জাফর আলম, রাঙ্গামাটি থেকে Date: 04 September, 2023
পানিতে ডুবলো সিম্বল অব রাঙ্গামাটি

রাঙ্গামাটি : ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন করপোরেশনের রাঙ্গামাটির ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে।

উজানের পানির ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় সেতুর পাটাতন পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে নিরাপত্তা ঝুঁকি এড়াতে সেতুতে পর্যটক ও স্থানীয়দের প্রবেশ বন্ধ করেছে কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা দুপুরে জানিয়েছেন, পর্যটন সেতুর ওপর পানি উঠেছে। আনুমানিক ঝুলন্ত সেতুর পাটাতনের ৬ ইঞ্চি ওপর পর্যন্ত পানি উঠেছে। পাটাতন পানিতে ডুবে যাওয়ার কারণে আপাতত সেতুতে প্রবেশ বন্ধের টিকেট বিক্রয় বন্ধ রাখা হয়েছে। সেতুর ওপরে উঠা পানি নেমে এলে পরবর্তীতে সেতুটি পর্যটকদের প্রবেশের জন্য খোলা এবং টিকেট বিক্রি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি পরিমাপ করে থাকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্র জানিয়েছে, রুলকার্ড অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৫ দশমিক ৭০ মিনস সি লেভেল (এমএসএল। স্বাভাবিক হিসেবে থাকার কথা ছিল ৯৯ দশমিক ৪৬ এমএসএল।

আরও পড়ুন: নতুন মাইলফলকে কক্সবাজার বিমানবন্দর

প্রসঙ্গত,  কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১২০ এমএসএল জলসীমার মধ্যে বা নিচে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। কিন্তু এ জলসীমার নিচেই নির্মিত সেতুটি।পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, হ্রদে পানি ধারণ সক্ষমতার রুলকার্ড না মেনে 'অপরিকল্পিত'ভাবে সেতুটি নির্মাণের ফলে বর্ষা মৌসুমে হ্রদে পানি বাড়লে ডুবে যায় দেশ-বিদেশে রাঙ্গামাটির প্রতীক ঝুলন্ত সেতুটি।

-B

Share this post



Also on Bangladesh Monitor