কক্সবাজার : পাহাড়েও সোনা ফলা যায়, প্রাণ-প্রকৃতি পরিবেশকে সমুন্নত রেখে। কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের জুমচাষ নজর কেড়েছে সকলের। দেখতে ছবির মতো সুন্দর, যা রূপকথার গল্পকেও হার মানাতে পারে। সুউচ্চ পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক নাম সংরক্ষিত বনভূমিতে গড়ে উঠা জুমচাষ। পাহাড় আর জুমচাষের নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য চোখ জুড়িয়ে যায়। যা দেখতে দলে দলে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে লোকজন দৈনন্দিন ভিড় করছে প্রতিদিন। বাদ যাচ্ছে না পর্যটকরাও।
জালিয়াপালং ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় পাহাড়ি রাস্তা বেয়ে গড়ে উঠা জুমচাষ দেখতে দলবল নিয়ে ছুটছে স্থানীয়সহ বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা। পাহাড়ের সবুজায়ন। তার মাঝে জুমচাষ যেনো হাতছানি দিচ্ছে ভ্রমণপিপাসুদের।
কথা হয় এখানে ঘুরতে আসা বেশ কয়েকজনের সঙ্গে। তাারা জানান, প্রকৃতির মনোরম দৃশ্য আরো অনেক বেশি আনন্দ দিচ্ছে। সবচেয়ে বেশি সৌন্দর্যের স্থান হিসেবে ঐ এলাকার জুমচাষকে বেছে নিয়েছেন তারা। প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধতা তাদের যেনো বার বার কাছে টেনে নিচ্ছেন।
কক্সবাজার ট্যুরিস্ট গাইড আরমান গিয়েছিলেন কিছু পর্যটক নিয়ে ইনানী পাটোয়ারটেকে। সকাল থেকে দুপুর পর্যন্ত সময় পার করার পর হোটেলে বসে ইনানীতে যখন খাবার খাচ্ছিলেন, তখন তারা বলাবলি করছিলেন কাছাকাছি সন্ধ্যার আগ পর্যন্ত আর কি দেখা যেতে পারে। এমন সময় হোটেল মালিক স্থানীয় বাপার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, খুব কাছে মনোরম সুন্দর এই জুমচাষ দেখার কথা। এ কথা শুনার পর তাদের আগ্রহ বেড়ে যায় পাহাড়ি ঢালু জমিতে সবুজ সমারোহ জুম চাষ দেখার। আটজনের মধ্যে তিনজন ছিলেন মহিলা। তাদের দলপতি এহসানুল করিম তিনি একজন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা। বাড়ি ঢাকা যাত্রাবাড়িতে। তিনি একজন পরিবেশবাদী লোক, তাই পাহাড়ের উঁচু নিচুতে জুম দেখতে ছিলেন উদগ্রীব। তাই সময় নষ্ট না করে সবাই দলবেঁধে চলে যান সেখানে।
আরও পড়ুন: অভ্যন্তরীণ ভ্রমণে ঘুরে দাঁড়াবে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন
পালংখালী এলাকা থেকে জুম ক্ষেতে ঘুরতে আসা তুষার বলেন, আসার সময় যত কষ্ট পেয়েছি, এখানে আসার পর সব ভুলে গেছি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশ্রামাগার এবং কয়েকটি খাবারের দোকান থাকলে এই এলাকাটি নতুন পর্যটন নগরী হিসেবে আলাদা সুখ্যাতি অর্জন করবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের আনোয়ার কামাল বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজারে আছি। কিন্তু এত সুন্দর এলাকা রয়েছে তা আগে জানতাম না। আমার মনে হয় দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম জুম্মাপাড়া এলাকায় পাহাড়ি এ জুম ক্ষেত। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা সেখানে বিশাল বিস্তীর্ণ এলাকায় পরিবেশ সমুন্নত রেখে প্রতি বর্ষা মৌসুমে সেখানে জুমচাষ করে থাকে।
-B