ঢাকাঃ চীন-রাশিয়া কৌশলগত অংশীদারত্বের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
রবিবার(১৯ এপ্রিল) আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে (আরপিএসইউ) এই উৎসবের উদ্বোধন হয়। এতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যেই এই সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উৎসবের আয়োজন করেছে ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিন্দ্র কুমার রায়, রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় এবং ঢাকায় চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং।
এ বিষয়ে রাশিয়ান হাউস ঢাকা একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
উদ্বোধনী বক্তব্যে খলেভনয় বলেন, ‘‘গত তিন দশকে রাশিয়া-চীন সম্পর্ক অনেক এগিয়েছে এবং এটি পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’’
তিনি আরও জানান, রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কও দিন দিন বাড়ছে, বিশেষ করে জ্বালানি, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে।
লি শাওপেং এক রেকর্ড করা ভিডিও বার্তায় বলেন, ‘‘সাংস্কৃতিক সহযোগিতা এবং মানুষে-মানুষে যোগাযোগ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’’
উৎসবের প্রথম দিনে দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়— ‘রেড সিল্ক’, একটি রুশ চলচ্চিত্র যেখানে সাংস্কৃতিক নানা দিক তুলে ধরা হয়েছে, এবং ‘‘আই অ্যাম হোয়াট আই অ্যাম, একটি চীনা অ্যানিমেশন চলচ্চিত্র, যা অধ্যবসায় ও আত্মপরিচয়ের গল্প নিয়ে তৈরি।
আয়োজকরা জানান, এই উৎসব তরুণ দর্শকদের মধ্যে সাংস্কৃতিক সংলাপ বাড়াতে সহায়তা করবে এবং আন্তর্জাতিক সম্পর্ক গঠনে সিনেমার ভূমিকা তুলে ধরবে।
-B